গভীর রাত পর্যন্ত গুলশানে রাজনৈতিক কার্যক্রমে ব্যস্ত প্রধানমন্ত্রী তারেক রহমান

সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের সাক্ষাৎকার নিতে রাত ৩টা পর্যন্ত কার্যালয়ে অবস্থান

স্টাফ রিপোর্টার | ১৯ এপ্রিল ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর গুলশানে দলের রাজনৈতিক কার্যালয়ে বসে শনিবার দিবাগত রাত ৩টা পর্যন্ত গুরুত্বপূর্ণ দলীয় ও প্রশাসনিক কাজ সম্পন্ন করেছেন।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করে জানান, গভীর রাত পর্যন্ত তিনি কার্যালয়ে অবস্থান করেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে কাজ করেন।

এ সময় কার্যালয়ে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, ইকবাল হাসান মাহমুদ টুকু, ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং সেলিমা রহমান।

এছাড়া প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ কার্যালয়ের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের জন্য দলীয় মনোনয়ন ফরম জমা দেওয়া প্রার্থীদের সাক্ষাৎকার নিচ্ছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার বিকেল থেকে শুরু হওয়া এ সাক্ষাৎকার কার্যক্রমে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলার প্রার্থীরা অংশ নেন, যা গভীর রাত পর্যন্ত অব্যাহত থাকে।