গোপালগঞ্জে নির্বাচনী নিরাপত্তায় মোতায়ন আট প্লাটুন বিজিবি

তিনটি সংসদীয় আসনের জন্য তিনটি বেস ক্যাম্প স্থাপন, সেনাবাহিনী ও পুলিশের সঙ্গে যৌথ টহল কার্যক্রম

গোপালগঞ্জ থেকে প্রতিবেদক: বর্ডার গার্ড বাংলাদেশ গোপালগঞ্জ

গোপালগঞ্জ জেলার পাঁচটি উপজেলায় তিনটি সংসদীয় আসনের জন্য মোট আট প্লাটুন বিজিবি মোতায়ন করা হয়েছে। এছাড়াও, তিনটি স্থায়ী বেস ক্যাম্প স্থাপন করা হয়েছে।

মোতায়নকৃত বিজিবি সদস্যরা জেলার সকল উপজেলায় ডমিনেশন টহল ও অস্থায়ী চেকপোস্টে নিয়মিত তল্লাশি চালিয়ে জনগণের আস্থা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দায়িত্বপূর্ণ এলাকায় বিজিবি ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী, পুলিশ এবং আনসারের সঙ্গে যৌথভাবে নির্বাচনী আচরণ বিধি সংক্রান্ত কার্যক্রমও সম্পন্ন করছে।

নিরাপত্তা এবং সুষ্ঠ ভোটের পরিবেশ নিশ্চিত করতে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে যৌথ রোবাস টহল পরিচালিত হচ্ছে। জরুরি পরিস্থিতি পর্যবেক্ষণ এবং সংরক্ষণের জন্য ড্রোন এবং বর্ডিয়ন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে।

দেশের ৪,৪২৭ কিলোমিটার সীমান্ত বিজিবি দ্বারা সম্পূর্ণ সুরক্ষা নিশ্চিত করা হয়েছে, যেখানে নির্বাচনকালীন সময়ে ৩৭,০০০ এর বেশি বিজিবি সদস্য দায়িত্ব পালন করছে। যেকোনো জরুরি পরিস্থিতিতে বিজিবি র‍্যাপিড অ্যাকশন টিম এবং হেলিকপ্টারসহ কুইক রেসপন্স ফোর্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর সক্ষমতা রাখে। এছাড়াও, নিরাপত্তা আরও জোরদার করতে বিশেষায়িত K9 ডগ স্কোয়াড মোতায়ন করা হয়েছে।

বর্ডার গার্ড বাংলাদেশ বিশ্বাস করে, সরকার, নির্বাচন কমিশন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠ এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। দেশের জনগণের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিজিবি সংবিধান ও আইনের আলোকে তার দায়িত্ব পালন করবে।