স্টাফ রিপোর্টার২৫ জানুয়ারি ২০২৬ নিউজ চ্যানেলবিডি
চট্টগ্রাম: দুপুর ১২টা ৩০ মিনিটে চট্টগ্রামের পোলো গ্রাউন্ডে জনসমুদ্রের দিকে ইঙ্গিত করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, “এই বিশাল জনসমুদ্র যদি বিকালের জনসভা হতো, তাহলে কী অবস্থা হতো তা কল্পনাও করা যায় না।” তিনি চট্টগ্রামের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, এই চট্টগ্রাম থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং সম্মুখ সমরে অংশ নিয়ে দেশকে স্বাধীন করেছিলেন। সেই স্বাধীনতার পতাকাই আজ জনগণের মাধ্যমে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের হাতে তুলে দেওয়া হয়েছে।
সালাউদ্দিন আহমেদ বলেন, “আমাদের স্লোগান সবার আগে বাংলাদেশ। এই স্বাধীনতার পতাকাকে সমুন্নত রাখতে হবে। এই পতাকা আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতীক।”
তিনি বলেন, তারেক রহমান এ দেশের মানুষের নেতা। তিনি দেশের জন্য এবং দেশের মানুষের জন্য একটি সুস্পষ্ট পরিকল্পনা ঘোষণা করেছেন—‘আই হ্যাভ এ প্ল্যান’। এই পরিকল্পনার আওতায় দেশের লক্ষ কোটি বেকারের জন্য নির্দিষ্ট সময়ের জন্য বেকার ভাতা প্রদান করা হবে।
বক্তব্যে তিনি আরও বলেন, কৃষকদের জন্য কৃষক কার্ড, সবার জন্য স্বাস্থ্য কার্ড এবং গরিব ও দরিদ্র পরিবারের জন্য ফ্যামিলি কার্ড প্রবর্তন করা হবে। একই সঙ্গে শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন সাধন করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।
তিনি বলেন, মেধা ও প্রযুক্তিনির্ভর একটি আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে তরুণদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করা হবে, যাতে বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দেশ এগিয়ে যেতে পারে।
সালাউদ্দিন আহমেদ বলেন, “শহীদদের প্রত্যাশা, এ দেশের মানুষের প্রত্যাশা এবং ২০২৪ সালের ছাত্র-গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করা হবে, ইনশাআল্লাহ।”
শেষে তিনি আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান। তিনি বলেন, এর মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকবে এবং একটি শক্তিশালী, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।





