চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা থেকে শুরু হবে অভিযান, ছাড় নয়—সবকিছু চলবে আইনের গতিতে

স্টাফ রিপোর্টার, ০৪ মার্চ ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

ঢাকা, মঙ্গলবার: চাঁদাবাজ ও অস্ত্রধারী সন্ত্রাসীদের তালিকা প্রস্তুত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

আজ দুপুরে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সদর দপ্তরে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুইটি বিষয়ে তিনি অনুশাসন দিয়েছেন। এর মধ্যে প্রথমটি হচ্ছে চাঁদাবাজদের একটি পূর্ণাঙ্গ তালিকা তৈরি করা। তালিকা অনুযায়ী তাদের আইনের আওতায় আনা হবে। দ্বিতীয়ত, অস্ত্রধারী সন্ত্রাসী ও দাগী আসামি যারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তাদের একটি স্বচ্ছ তালিকা প্রণয়ন করা হচ্ছে এবং সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি জানান, এই কার্যক্রম ঢাকা থেকে শুরু হবে। পরবর্তীতে সারাদেশে চাঁদাবাজ, অস্ত্রধারী ও দাগী আসামিদের নির্মোহ তালিকা করে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান পরিচালনা করবে। এ ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। সবকিছু আইনের গতিতেই চলবে।

মন্ত্রী বলেন, জনগণকে আশ্বস্ত করতে চাই যে দেশের শান্তি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করা হবে। পরিকল্পনা অনুযায়ী খুব শিগগিরই দৃশ্যমান অগ্রগতি পাওয়া যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এ কার্যক্রম সফল করতে গণমাধ্যম ও সাধারণ জনগণের সহযোগিতা কামনা করেন স্বরাষ্ট্রমন্ত্রী।