চিকিৎসাসেবায় দুর্ভোগমুক্ত মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার : সমাজকল্যাণ মন্ত্রী

স্ট্রোকে প্যারালাইজড রোগীদের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে বক্তব্য

স্টাফ রিপোর্টার | ২৪ জুন ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি সরকারের লক্ষ্য হলো কোনো রোগী যেন চিকিৎসার অভাবে দুর্ভোগে না পড়ে। প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বে সরকার সকলের জন্য একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে কাজ করছে।

মঙ্গলবার রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল-এর সমাজসেবা কার্যালয়ের রোগী কল্যাণ সমিতির উদ্যোগে স্ট্রোকে প্যারালাইজড রোগীদের সরকারি আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় স্ট্রোক রোগীদের জন্য বিশেষ তহবিল গঠনসহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং জনগণের জীবনমান উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তিনি জানান, ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে দুঃস্থ, অসহায় ও অস্বচ্ছল জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং সামাজিক সুরক্ষা খাতে আগের বছরের তুলনায় দ্বিগুণ বরাদ্দ দেওয়া হয়েছে। একই সঙ্গে বিভিন্ন সামাজিক ভাতার পরিমাণও বৃদ্ধি করা হয়েছে।

অনুষ্ঠানে হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নুরুজ্জামান খান সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ড. এম এ মুহিত, ড. মোহাম্মদ আবু ইউছুফ এবং প্রফেসর ডা. রফিকুল বাসার লেবু। স্বাগত বক্তব্য রাখেন সমাজসেবা কর্মকর্তা মো. মজিবুর রহমান।

অনুষ্ঠানে স্ট্রোকে আক্রান্ত ৪০০ জন প্যারালাইজড রোগীর মধ্যে প্রথম পর্যায়ে ১০০ জনকে ৫০ হাজার টাকা করে সরকারি আর্থিক সহায়তা প্রদান করা হয়।

সমাজকল্যাণ মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার দেশের স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। চিকিৎসাসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং দরিদ্র রোগীদের সহায়তায় সরকার নানা কর্মসূচি বাস্তবায়ন করছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেন, সরকারি হাসপাতালে অধিকাংশই দরিদ্র রোগী চিকিৎসা নিতে আসেন। তাদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করার পাশাপাশি চিকিৎসা ব্যয় কমানোর বিষয়েও গুরুত্ব দিতে হবে, যাতে রোগীরা সন্তুষ্ট হয়ে হাসপাতালের সুনাম ছড়িয়ে দিতে পারেন।