চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবার ঢাকার বাইরে যাচ্ছেন তারেক রহমান

২২ জানুয়ারি সিলেট থেকে মাজার জিয়ারতের মাধ্যমে শুরু হবে বিএনপির নির্বাচনী প্রচারণা, উৎফুল্ল নেতাকর্মী ও সিলেটবাসী

স্টাফ রিপোর্টার | ১২ জানুয়ারি ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো ঢাকার বাইরে যাচ্ছেন তারেক রহমান। আগামী ২২ জানুয়ারি সিলেটে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ও হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারতের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করবেন।

দুটি পাতা একটি কুড়ির দেশ ও পূর্ণভূমি হিসেবে পরিচিত সিলেট—যেখানে মিশে আছে ইতিহাস, ঐতিহ্য ও বিশ্বাসের আলো—সেই শহর থেকেই শুরু হতে যাচ্ছে বিএনপির নতুন অধ্যায়। দলীয় প্রধানের সফর ঘিরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে।

বিএনপি নেতারা জানান, হযরত শাহজালাল ও শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের মধ্য দিয়েই তারেক রহমানের নির্বাচনী যাত্রা এগিয়ে যাবে। এ উপলক্ষে বিএনপি পরিবার যেমন উৎফুল্ল, তেমনি সিলেটবাসীও তাদের একজন পরম আত্মীয়কে বরণ করে নিতে প্রস্তুত।

সিলেট বিএনপি, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা তারেক রহমানের নিরাপত্তা ও কর্মসূচি সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট নেতারা।

মাজার কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনী জানায়, শান্তিপূর্ণভাবে কর্মসূচি সম্পন্ন করতে সার্বিক নিরাপত্তা প্রস্তুতি নেওয়া হয়েছে এবং গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

মাজার জিয়ারতের পর তারেক রহমান সুনামগঞ্জে একটি জনসভায় অংশ নেবেন। পরে তিনি সিলেটে ফিরে আরেকটি জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে।