স্টাফ রিপোর্টার ১৮, ফেব্রুয়ারি ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
আমরা চ্যালেঞ্জ নিয়েই দায়িত্ব গ্রহণ করেছি। সেই চ্যালেঞ্জ হলো জাতিকে গড়ে তোলা। এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার পরই স্পষ্টভাবে জানিয়েছেন যে তার একটি সুপরিকল্পিত কর্মপরিকল্পনা রয়েছে। সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য ইতোমধ্যে মন্ত্রিসভা গঠন করা হয়েছে। এই মন্ত্রিসভা দেশের মানুষের সমস্যাগুলো সমাধানে কাজ করবে এবং বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেবে।
মির্জা ফখরুল বলেন, গণতন্ত্রই হবে তাদের অগ্রযাত্রার প্রধান ভিত্তি। সরকারের প্রতিটি পদক্ষেপে গণতান্ত্রিক চর্চা নিশ্চিত করা হবে। বিশেষ করে স্থানীয় সরকার মন্ত্রণালয় মানুষের সঙ্গে সরাসরি সম্পৃক্ত, তাই এই মন্ত্রণালয়কে আরও কার্যকর ও গতিশীল প্রতিষ্ঠানে পরিণত করার উদ্যোগ নেওয়া হবে।
তিনি জানান, স্থানীয় সরকার ব্যবস্থার বিষয়ে তাদের বাস্তব অভিজ্ঞতা রয়েছে। সংশ্লিষ্ট অনেকেই আগে উপজেলা ও পৌর পর্যায়ে দায়িত্ব পালন করেছেন। সবার সহযোগিতায় এই মন্ত্রণালয়কে আরও শক্তিশালী করা সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, স্থানীয় সরকার কাঠামোর যেসব প্রতিষ্ঠান যেমন জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও পৌরসভা বর্তমানে শূন্য রয়েছে, সেগুলোতে যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজনের চেষ্টা করা হবে।
আইনশৃঙ্খলা ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, পরিস্থিতি অতটা খারাপ নয় যতটা অনেকে মনে করছেন। আইনশৃঙ্খলার উন্নতি হয়েছে এবং অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। ব্যাংকিং খাতও ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে বলে মন্তব্য করেন তিনি।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকারের সর্বাত্মক প্রচেষ্টায় দেশের সামগ্রিক পরিস্থিতি আরও উন্নত হবে বলে তারা বিশ্বাস করেন।





