জবি ছাত্রদল নেতা জোবায়েদ হত্যায় এক মাস আগে পরিকল্পনা, প্রেমিক মাহির ও বর্ষা স্বীকার করেছেন দায়

প্রেমঘটিত বিরোধ থেকেই পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড, চারজন আটক করেছে পুলিশ

Posted by:

on

স্টাফ রিপোর্টার | ২০ অক্টোবর, রবিবার | নিউজ চ্যানেল বিডি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জোবায়েদ হোসাইনকে হত্যার পরিকল্পনা এক মাস আগেই করেছিলেন অভিযুক্ত বর্ষা ও তার প্রেমিক মাহির রহমান।

অভিযুক্ত দুজনকে জিজ্ঞাসাবাদের বরাতে রবিবার রাজধানীর বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, প্রাথমিকভাবে হত্যার দায় স্বীকার করেছেন বর্ষা ও মাহির।

ওসি জানান, প্রায় নয় বছর ধরে প্রেমের সম্পর্কে ছিলেন মাহির ও বর্ষা। সম্প্রতি বর্ষা তার টিউশন শিক্ষক জোবায়েদ হোসেনের প্রতি আকৃষ্ট হন। বিষয়টি মাহিরকে জানালে সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। পরে বর্ষা জোবায়েদের প্রতিও আগ্রহ হারান এবং মাহিরকে সঙ্গে নিয়ে তাকে ‘সরিয়ে দেওয়ার’ পরিকল্পনা করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, সেপ্টেম্বর মাস থেকেই হত্যার পরিকল্পনা শুরু করেন তারা এবং ১৯ অক্টোবর তা বাস্তবায়ন করেন।

ঘটনার দিন বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা মহানগর মহিলা কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বর্ষার বাসায় পড়াতে গিয়েছিলেন জোবায়েদ। বাসার গেট দিয়ে ঢুকে সিঁড়িতে ওঠার সময় তাকে সুইচগিয়ার দিয়ে গলার ডান পাশে আঘাত করা হয়, এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে রাতেই পুলিশ বর্ষাকে হেফাজতে নেয়। পরদিন প্রধান আসামি মাহির রহমান ও তার সহযোগী ফারদিন আহম্মেদ আয়লানকে গ্রেপ্তার করা হয়। এখন পর্যন্ত চারজনকে আটক করেছে পুলিশ।