স্টাফ রিপোর্টার | ২৯ এপ্রিল ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
জলাবদ্ধতা নিরসনে জনসচেতনতা গড়ে তুলতে সংসদ সদস্যদের উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ জাতীয় সংসদে চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান-এর পয়েন্ট অব অর্ডারে চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা ও জনদুর্ভোগের বিষয়টি উত্থাপিত হলে এ বিষয়ে বক্তব্য দেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, অতিবৃষ্টির কারণে চট্টগ্রাম শহরের বড় একটি অংশ পানির নিচে তলিয়ে গেছে, যা নগরবাসীর জন্য চরম ভোগান্তির সৃষ্টি করেছে। তিনি উল্লেখ করেন, এ সমস্যা শুধু চট্টগ্রামেই নয়, বরং সারা দেশেই বিভিন্ন শহরে বিদ্যমান।
তিনি বলেন, অতীতে জিয়াউর রহমান খাল খননের মাধ্যমে জলাবদ্ধতা ও বন্যা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। সেই ধারাবাহিকতায় আবারও খাল খনন কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
প্রধানমন্ত্রী আরও বলেন, শহরের খাল, নালা ও ড্রেন প্লাস্টিক বোতল, পলিথিনসহ বিভিন্ন বর্জ্যে আটকে গিয়ে পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হচ্ছে। ফলে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে।
তিনি জানান, সরকার ড্রেন পরিষ্কার করার উদ্যোগ নিচ্ছে, তবে জনগণের অসচেতনতার কারণে কিছুদিন পরই আবার সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে। তাই জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে এই সমস্যা অনেকাংশে সমাধান করা সম্ভব বলে তিনি মনে করেন।
সংসদ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, জনগণের মাঝে সচেতনতা তৈরি করা তাদের নৈতিক দায়িত্ব। প্লাস্টিক ও পলিথিন ব্যবহারে সচেতনতা এবং সঠিকভাবে বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে।
চট্টগ্রামের জলাবদ্ধতায় দুর্ভোগের জন্য দুঃখ প্রকাশ করে প্রধানমন্ত্রী জানান, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রের সঙ্গে এ বিষয়ে ইতোমধ্যে কথা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ চলছে।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ-এর সভাপতিত্বে সকাল ১১টায় সংসদের অধিবেশন শুরু হয়।





