স্টাফ রিপোর্টার | ২৭ মার্চ ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
বাংলাদেশের প্রতি অবিচল সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করেছেন আন্তোনিও গুতেরেস, জাতিসংঘের মহাসচিব। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান-এর সঙ্গে বৈঠকে তিনি এ সমর্থনের কথা জানান।
তথ্যবিবরণী অনুযায়ী, বৈঠকে নবগঠিত বাংলাদেশ সরকারের প্রতি আন্তরিক অভিনন্দন জানান গুতেরেস। একই সঙ্গে বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দেওয়ায় বাংলাদেশের ধারাবাহিক মানবিক নেতৃত্ব ও উদারতার ভূয়সী প্রশংসা করেন তিনি।
বৈঠকে সমসাময়িক বিভিন্ন বৈশ্বিক ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় পররাষ্ট্রমন্ত্রী চলমান বৈশ্বিক তেল সংকটের প্রেক্ষাপটে উন্নয়নশীল ও ঝুঁকিপূর্ণ দেশগুলোর সম্মুখীন চ্যালেঞ্জ এবং দরিদ্র দেশগুলোর ওপর এর অসম ও বৈষম্যমূলক প্রভাবের বিষয়টি তুলে ধরেন।
বৈঠকে তারেক রহমান-এর পক্ষ থেকে জাতিসংঘ মহাসচিবকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান ড. খলিলুর রহমান। আমন্ত্রণটি সাদরে গ্রহণ করেন গুতেরেস এবং এর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বৈঠক শেষে উভয় পক্ষ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এগিয়ে নিতে বাংলাদেশ ও জাতিসংঘের মধ্যে সহযোগিতা আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।





