স্টাফ রিপোর্টার, ১১ ডিসেম্বর ২০২৫, নিউজ চ্যানেল বিডি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জাতীয় নির্বাচনে ধানের শীষ বিজয়ী হলে দেশ রক্ষা পাবে। বুধবার বিকালে রাজধানীর ফার্মগেইটের কৃষিবিদ ইন্সটিটিউশন মিলনায়তনে বিএনপির আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক আলোচনায় তিনি এ মন্তব্য করেন।
তিনি দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, “ধানের শীষকে জিতাতে হবে… এর কোনো বিকল্প নাই। ধানের শীষকে জিতানোর মাধ্যমে জনগণের পরিকল্পনাকে বাস্তবায়ন করতে হবে।”
তারেক রহমান আরও যোগ করেন, “ধানের শীষকে জেতানোর মাধ্যমে দেশকে রক্ষা করতে হবে। প্রথম বাংলাদেশ, আমার শেষ বাংলাদেশ এবং সবার আগে বাংলাদেশ। নো কমপ্রমাইজ।”
আলোচনায় অংশগ্রহণকারীদের উদ্দেশে তিনি বলেন,
“আপনার দল যে স্ট্রেইটকাট প্ল্যান উপস্থাপন করেছে — আর কোনো রাজনৈতিক দল বাংলাদেশে এমন পরিকল্পনা দেয়নি। এখন বসে থাকার সময় নেই। দিস ইজ এ ওয়ার, দিস ইজ এ ব্যাটেল… মানুষের পক্ষে, দেশের পক্ষে যুদ্ধ।”

তিনি উল্লেখ করেন যে, শুধু পরিকল্পনা করে রাখলেই হবে না; বহু পরিকল্পনা দেশে বাস্তবায়ন হয়নি।
“জনগণকে সঙ্গে নিয়ে যেমন আন্দোলন করেছি, তেমনি এই প্ল্যানিংও বাস্তবায়ন করতে চাই। আমরা কাজ শুরু করব, পরবর্তী জেনারেশন তা চালিয়ে যাবে। এটার শেষ নাই।”
দলের পরিকল্পনা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে জানিয়ে তিনি কর্মীদের উদ্দেশে বলেন,
“মানুষের সামনে পরিকল্পনা নিয়ে যেতে হবে, কনভিন্স করতে হবে… এর কোনো বিকল্প নাই। নয়তো দেশ এবং জাতি ধ্বংস হয়ে যাবে।”
তিনি দাবি করেন, ইতিহাসে বহুবার বিএনপি দেশকে রক্ষা করেছে।
“শহীদ জিয়া ও খালেদা জিয়া যখনই দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছেন, দেশের অবস্থা পাল্টে দিয়েছেন। এখন সেই দায়িত্ব আপনাদের কাঁধে এসে পড়েছে।”
অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড, স্বাস্থ্য কার্ড, ফার্মাস কার্ড, পরিবেশ রক্ষা, বেকারত্ব সমস্যা, শিক্ষার উন্নয়নসহ বিএনপির অগ্রাধিকার পরিকল্পনাগুলোর বাস্তবায়ন-রূপরেখা উপস্থাপন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘দেশ গড়া পরিকল্পনা’ কর্মসূচির বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সঞ্চালনায় ছিলেন যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। যুবদল ও কৃষক দলের নেতারা অনুষ্ঠানে বক্তব্য রাখেন।





