জাতীয় নির্বাচন ও গণভোট একই দিন হবে: আমীর খসরু

গণভোট নির্বাচনের আগে নয়, দুই আলাদা ব্যালটে একই দিনে অনুষ্ঠিত হবে—বিএনপির স্পষ্ট অবস্থান জানালেন আমীর খসরু

Posted by:

on

স্টাফ রিপোর্টার | ২৮ অক্টোবর ২০২৫ | নিউজ চ্যানেলবিডি

জাতীয় নির্বাচন ও গণভোট একই দিন হবে, এর বাইরে যাওয়ার ‘কোনো সুযোগ নাই’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

মঙ্গলবার বিকেলে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের বিষয়ে বিএনপি একমত নয়।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর–এর সঙ্গে ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক–এর বৈঠকের পর সংবাদ ব্রিফিং করছিলেন আমীর খসরু।

এদিন জাতীয় ঐকমত্য কমিশন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস–এর কাছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সুপারিশমালা হস্তান্তর করেছে। সাংবিধানিক আদেশের মাধ্যমে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন বা আগে গণভোট আয়োজনের সুপারিশ করেছে কমিশন।

এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আমীর খসরু বলেন, “এটার (গণভোট আগে) সঙ্গে বিএনপি একমত নয়। আমরা পরিস্কারভাবে বলে দিয়েছি—গণভোট আর নির্বাচন একই দিনে হবে, দুইটা আলাদা ব্যালটের মাধ্যমে। এটা দিনের আলোর মতো পরিষ্কার। নতুন করে এই বিষয়কে সামনে আনার কোনো সুযোগ নাই। সেটা যেই বলুক, যারাই প্রতিবেদন দিক, সেটা তাদের সমস্যা, বিএনপির না।”

তিনি আরও বলেন, “এই বিষয়ে বিএনপির অবস্থান পরিষ্কার এবং এর কোনো পরিবর্তন হয়নি। আগামী দিনেও এর পরিবর্তন হবে না।”

অন্য এক প্রশ্নে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, “কারা কী সুপারিশ করেছে, জানি না। যারা সুপারিশ করেছে তারা নির্বাচন করবে না, ভোট করবে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো। সুপারিশ অনেকে অনেক কিছু করতে পারে।”

বিএনপিরও অনেকগুলো প্রস্তাব ও সুপারিশ ঐকমত্যে গৃহীত হয়নি বলে উল্লেখ করে তিনি বলেন, “প্রত্যেকটি বিষয়ে ঐকমত্যে সমাধান হতে হবে। ঐকমত্যের বাইরে গিয়ে কে কী বলছে বা সুপারিশ করছে, সেটা তাদের ব্যাপার। ঐকমত্যের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত দেওয়ার সুযোগ নাই।”