স্টাফ রিপোর্টার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি।
আজ ২৫ ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবস। ২০০৯ সালের এই দিনে রাজধানীর পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে সংঘটিত হয় দেশের ইতিহাসের এক মর্মান্তিক সেনা হত্যাযজ্ঞ। ওই ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জন প্রাণ হারান। জাতি আজ গভীর শোক ও শ্রদ্ধায় তাদের স্মরণ করছে।
দীর্ঘ সময় এই দিনটি রাষ্ট্রীয়ভাবে যথাযথ গুরুত্ব পায়নি বলে বিভিন্ন মহলে আলোচনা ছিল। তবে ২০২৪ সালে দেশ ফ্যাসিবাদমুক্ত হওয়ার পর থেকে দিনটি “শহীদ সেনা দিবস” হিসেবে পালন করা হচ্ছে। আজকের এই বিশেষ দিনে শহীদদের মাগফিরাত কামনা করা হয়েছে। শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সহানুভূতি ও সমবেদনা জানানো হয়েছে।
পিলখানায় সংঘটিত হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া এখনও চলমান। বিচারাধীন বিষয় হওয়ায় এ নিয়ে বিস্তারিত মন্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। তবে নাগরিক সমাজের একটি অংশ মনে করে, এ ঘটনার পেছনে দেশ ও জনগণের স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী তৎপরতা ছিল, যা সম্পর্কে সচেতন থাকা প্রয়োজন। ঘটনার পর বিভিন্ন সময় বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগও উঠেছিল। সংশ্লিষ্টরা বলছেন, বর্তমান বাস্তবতায় ঘটনার নেপথ্য কারণ সম্পর্কে জনগণের মধ্যে স্পষ্ট ধারণা তৈরি হয়েছে।
সশস্ত্র বাহিনীকে একটি স্বাধীন দেশের সম্মান, বীরত্ব ও গৌরবের প্রতীক হিসেবে উল্লেখ করে বলা হয়েছে, ভবিষ্যতে যাতে কোনো ষড়যন্ত্রের মাধ্যমে বাহিনীর ক্ষতি করার অপচেষ্টা না হয় সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
দেশ ও জনগণের স্বার্থের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেই পালিত হচ্ছে এবারের শহীদ সেনা দিবস।





