জাতীয় সংসদ সদস্যদের শপথ আগামীকাল সকাল ১০টায়: সাংবিধানিক এখতিয়ার প্রধান নির্বাচন কমিশনের

স্পিকার বা ডেপুটি স্পিকার অনুপস্থিত থাকলে সিইসি শপথ পরিচালনা করবেন, সংবিধান সংশোধন ছাড়া বিকল্প নেই

স্টাফ রিপোর্টার,১৬ ফেব্রুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি

জাতীয় সংসদ নির্বাচনের পর নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ আগামীকাল সকাল ১০টায় অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ।

তিনি বলেন, সংবিধান অনুযায়ী দেশের সাংবিধানিক ম্যান্ডেট দুটি—একটি জাতীয় সংসদ সদস্য নির্বাচন এবং অন্যটি রাষ্ট্রপতি নির্বাচন। ইতোমধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং এটি আয়োজন করা নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্বের অংশ।

সালাউদ্দিন আহমেদ ব্যাখ্যা করেন, সংসদ সদস্যদের শপথ গ্রহণ সাধারণত স্পিকার অথবা ডেপুটি স্পিকার পরিচালনা করেন। তবে তারা অনুপস্থিত থাকলে, অপারগ হলে বা তাদের মনোনীত প্রতিনিধি না থাকলে সেই ক্ষেত্রে প্রধান নির্বাচন কমিশনার শপথ পাঠ করাতে পারেন। সংবিধান অনুযায়ী এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনের সাংবিধানিক এখতিয়ার রয়েছে।

তিনি আরও বলেন, সংবিধানে যদি ‘সংবিধান সংস্কার পরিষদ’ নামে কোনো কাঠামো অন্তর্ভুক্ত করতে হয়, তাহলে তা সংশোধনীর মাধ্যমে করতে হবে। সংবিধানের তৃতীয় তফসিলে শপথের নির্দিষ্ট ফরম এবং কে শপথ পাঠ করাবেন তা স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। সংশোধন ছাড়া এ বিষয়ে ভিন্ন কোনো ব্যবস্থা গ্রহণের সুযোগ নেই।

উল্লেখ্য, শপথ গ্রহণের মাধ্যমে নতুন সংসদের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে।