স্টাফ রিপোর্টার, ১৩ মার্চ ২০২৬, নিউজ চ্যানেল বিডি।
ত্রয়োদশ জাতীয় সংসদের নবনিযুক্ত স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম আজ (শুক্রবার) সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর জাতীয় সংসদের নবনিযুক্ত ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় তাঁরা কিছুক্ষণ নীরবতা পালন করে শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। পরে স্পীকার ও ডেপুটি স্পীকার উভয়েই স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
এ সময় স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম গণমাধ্যমকে বলেন, জাতীয় স্মৃতিসৌধ বাংলাদেশের স্বাধীনতার চেতনা ধারণকারী একটি পবিত্রতম স্থান। এখানে শ্রদ্ধা নিবেদন করতে পেরে তিনি নিজেকে সৌভাগ্যবান মনে করছেন এবং এতে তিনি অনুপ্রাণিত হয়েছেন।
তিনি গভীর শ্রদ্ধার সঙ্গে মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে অংশ নিয়ে শহীদ হওয়া সকল বীর সন্তানের আত্মার মাগফিরাত কামনা করেন।

স্পীকার বলেন, তিনিও মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অধীনে রণাঙ্গনে যুদ্ধ করার সৌভাগ্য তাঁর হয়েছিল। সেই যুদ্ধে তিনি আহতও হন।
তিনি আরও বলেন, গত ১৭ বছরে বিভিন্ন দলের রাজনৈতিক কর্মী, ছাত্র, অভিভাবকসহ নানা শ্রেণি-পেশার মানুষ যারা মাফিয়া সরকারের বিরুদ্ধে আন্দোলন করে স্বৈরাচারী সরকারকে উৎখাত করতে গিয়ে শহীদ হয়েছেন, তাঁদেরও গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হচ্ছে।
বর্তমান সংসদ সম্পর্কে তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত এই সরকার মুক্তিযুদ্ধের লক্ষ্য সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার বাস্তবায়নের মাধ্যমে জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ করবে এবং একটি সুখী ও সমৃদ্ধ রাষ্ট্র গঠনে ভূমিকা রাখবে। সংসদ হবে সেই কার্যক্রমের কেন্দ্রবিন্দু।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্পীকার বলেন, তিনি জাতীয় সংসদে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের জন্য দল থেকে পদত্যাগ করেছেন। বিরোধী দল সংসদে যথেষ্ট সুযোগ পাবে। স্বৈরাচারবিরোধী আন্দোলনে সবাই একসঙ্গে ছিলেন এবং তাঁদের প্রতি সরকারের সহনশীলতা থাকবে। সংসদ পরিচালনায় তাঁর ভূমিকা ক্রিকেট খেলায় আম্পায়ারের মতো নিরপেক্ষ থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
এ সময় জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব, সার্জেন্ট অ্যাট আর্মসসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।





