জামায়াত ধর্মের জন্য ক্ষতিকর : বিএনপি নেতা আমিনুল হক

নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্র চলছে, ধর্মকে বিকৃতভাবে ব্যবহারকারীরা সফল হবে না – বিএনপি

Posted by:

on

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক বলেছেন, আগামী ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কিছু রাজনৈতিক মহল বিলম্বিত করার অপচেষ্টা চালাচ্ছে। দু’একটি দল এবং একটি ইসলামিক দল বিভিন্ন অজুহাতে নির্বাচনের সময়সূচি পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে, যা গণতন্ত্র ও জনগণের অধিকারবিরোধী বলে মন্তব্য করেন তিনি।

শনিবার (৪ অক্টোবর) দুপুরে রাজধানীর পল্লবীর প্যারিস রোডের শাহীন স্কুল প্রাঙ্গণে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমিনুল হক বলেন, “ধূমপান যেমন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তেমনি জামায়াত ধর্মের জন্য ক্ষতিকর। তারা ধর্মকে রাজনৈতিক সুবিধার হাতিয়ার বানিয়েছে। ধর্ম বিক্রি করে তারা রাজনীতি করছে, যা ধর্ম ও সমাজ উভয়ের জন্যই ক্ষতিকর।”

তিনি অভিযোগ করেন, সম্প্রতি এক জামায়াত নেতা বলেছেন রোজা আর পূজা একই মুদ্রার এপিঠ-ওপিঠ। এ ধরনের বক্তব্য বাংলাদেশের মানুষ কখনোই মেনে নেবে না।

বিএনপি নেতা বলেন, আমরা একটি অসাম্প্রদায়িক, সম্প্রীতির বাংলাদেশ চাই—যেখানে সব ধর্মের মানুষ ভ্রাতৃত্ব ও সহমর্মিতার সঙ্গে বসবাস করবে। কিন্তু একটি গোষ্ঠী ধর্মকে বিক্রি করে নতুনভাবে রাজনীতি শুরু করেছে, যা শান্তি ও সম্প্রীতির জন্য হুমকি।

তিনি আরও বলেন, বিএনপি রাজনীতি করে জনগণের কল্যাণে, উন্নয়নে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য উন্নত শিক্ষা ও স্বাস্থ্যব্যবস্থা নিশ্চিত করতে।

পরে আমিনুল হক পল্লবী থানার ৫ নং ওয়ার্ডের বাউনিয়াবাধ ডি ব্লক বেরিবাধ সংলগ্ন আরবান শিশু পার্কে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। এসময় ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মাহাবুব আলম মন্টু, স্বেচ্ছাসেবকদল ঢাকা মহানগর উত্তরের সাবেক সভাপতি মোঃ আনোয়ার হোসেন, পল্লবী থানা বিএনপি আহবায়ক কামাল হোসাইন খান, সিনিয়র যুগ্ম আহবায়ক আশরাফ আলী গাজী, পল্লবী থানা যুবদলের সভাপতি হাজী নূর সালামসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।