জামায়াত নেতাদের টাকা ছড়ানোর অভিযোগ তদন্তে ইসিকে বিএনপির আহ্বান

আইন অনুযায়ী ব্যবস্থা নিয়ে জনগণকে আশ্বস্ত করার দাবি নজরুল ইসলাম খানের

স্টাফ রিপোর্টার, ১১ফেব্রুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি

জামায়াত নেতাদের বিরুদ্ধে বড় অংকের টাকা ছড়ানোর অভিযোগ ক্ষতিয়ে দেখে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি।

সন্ধ্যায় নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে দলের নির্বাচনী পরিচালনা কমিটির প্রধান নজরুল ইসলাম খান বলেন, বিভিন্ন স্থানে একটি দলের রাজনীতিকদের কাছে বড় অংকের অর্থ পাওয়ার ঘটনা নির্বাচনের জন্য প্রশ্নবোধক পরিস্থিতি তৈরি করছে।

তিনি উল্লেখ করেন, সৈয়দপুর বিমানবন্দরে এক রাজনীতিবিদের কাছে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ পাওয়ার ঘটনা জনমনে উদ্বেগ সৃষ্টি করেছে। “আমরা বলেছি, যার বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া দরকার আইন অনুযায়ী তা নিন। জনগণকে আশ্বস্ত করুন যে এ ধরনের ঘটনা কমিশন সমর্থন করে না,” বলেন তিনি।

নজরুল ইসলাম খান আরও বলেন, যে দলেরই হোক না কেন, কেউ যেন অর্থের প্রভাব বিস্তার করতে না পারে সে বিষয়ে নির্বাচন কমিশন থেকে স্পষ্ট হুঁশিয়ারি বার্তা দেওয়া প্রয়োজন। মানুষের প্রত্যাশা, কমিশন এ বিষয়ে কঠোর পদক্ষেপ নেবে।

বৈঠকে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।