স্টাফ রিপোর্টার | ৩০ মে ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ। দিবসটি উপলক্ষে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনসমূহ দেশব্যাপী নানা কর্মসূচি পালন করছে।
বিএনপি গত ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত আট দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিশেষ পোস্টার প্রকাশ, কালো ব্যাজ ধারণ, সংবাদপত্র ও অনলাইন পোর্টালে বিশেষ ক্রোড়পত্র প্রকাশসহ বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে।
দিবসটি উপলক্ষে আজ ভোর ৬টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশের সকল স্তরের দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং কালো পতাকা উত্তোলন করা হয়। বিএনপির জাতীয় নেতৃবৃন্দ ও সর্বস্তরের নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ ও মাজার জিয়ারত করেন। জিয়ারত শেষে মাজার প্রাঙ্গণে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এছাড়া দিবসটি উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন থানাসহ দেশের অন্যান্য ইউনিটে অসচ্ছল ও দুঃস্থ মানুষের মাঝে কাপড়, চাল, ডালসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে। দেশের সকল জেলা, মহানগর ও সাংগঠনিক ইউনিটেও আলোচনা সভা, দোয়া মাহফিল, খাদ্য ও বস্ত্র বিতরণ কর্মসূচি পালিত হচ্ছে।
কর্মসূচির ধারাবাহিকতায় আগামীকাল বেলা ২টায় রাজধানীর Institution of Engineers, Bangladesh (আইইবি) মিলনায়তনে বিএনপির উদ্যোগে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় অন্যতম সেক্টর কমান্ডার এবং জেড ফোর্সের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন। প্রতি বছর ৩০ মে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁর শাহাদাত বার্ষিকী পালন করে থাকে।





