স্টাফ রিপোর্টার | ৪ আগস্ট ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
ঢাকা: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জুলাই-আগস্টের আন্দোলন ছিল সম্পূর্ণভাবে জনগণের আন্দোলন এবং জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণের কারণেই এ আন্দোলন সফল হয়েছে।
তিনি বলেন, “বাংলাদেশে জুলাই-আগস্ট মাসে যে আন্দোলন হয়েছিল তা সম্পূর্ণভাবে ছিল জনগণের আন্দোলন। জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে। জনগণ যখন সম্পূর্ণভাবে এ আন্দোলনে সম্পৃক্ত হয়েছে, তখনই আন্দোলন সফল হয়েছে।”
মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি)-এ ‘গণতন্ত্র আদায়ে ১৭ বছরের অনিবার সংগ্রাম ও রক্তঝরা জুলাই জাগরণ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, জুলাই আন্দোলনের সফলতার কৃতিত্ব দেশের সর্বস্তরের জনগণের। এটি কোনো একক ব্যক্তি বা রাজনৈতিক দলের অর্জন নয়। তিনি উল্লেখ করেন, গত ১৭ বছর ধরে বাংলাদেশের জনগণ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মী এবং গণতন্ত্রে বিশ্বাসী বিভিন্ন রাজনৈতিক দল ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ধারাবাহিকভাবে মাঠে ছিল এবং কখনো জনগণকে একা ফেলে যায়নি।
সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, এখন সময় দেশ পুনর্গঠনের। তিনি বলেন, “অনেক কথা হয়েছে, আন্দোলন হয়েছে, সংগ্রামের কথা হয়েছে, তর্ক-বিতর্ক হয়েছে। এখন সময় দেশকে এগিয়ে নেওয়ার, ধৈর্য ও বিচক্ষণতার সঙ্গে যারা ষড়যন্ত্র করতে চায় তাদের বিষয়ে সজাগ থাকার এবং জনগণকে সতর্ক করার।”
তিনি আরও বলেন, জনগণের সামনে দেওয়া প্রতিশ্রুতিগুলো ধাপে ধাপে বাস্তবায়নের মাধ্যমে দেশের পুনর্গঠন এবং জনগণের প্রত্যাশা পূরণে সরকার কাজ করে যাবে।





