জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বিকৃত করা যাবে না: নজরুল ইসলাম খান

যুদ্ধে অংশ না নেওয়ারা যেমন মুক্তিযুদ্ধের চেতনা ব্যাখ্যা করতে পারে না, তেমনি ২৪-এর গণঅভ্যুত্থানে অংশ না নেওয়ারাও এর আকাঙ্ক্ষা নির্ধারণের অধিকার রাখে না—বললেন বিএনপি নেতা।

স্টাফ রিপোর্টার | ১৮ জানুয়ারি ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও আকাঙ্ক্ষা নিয়ে কথা বলতে গিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, যারা সরাসরি এই গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেননি, তাদের পক্ষে এই আন্দোলনের প্রকৃত আকাঙ্ক্ষা ব্যাখ্যা করা সম্ভব নয়।

তিনি বলেন, “আমরা যুদ্ধ করেছি, কিন্তু যারা যুদ্ধে যায়নি তারাই অনেক সময় ব্যাখ্যা করার চেষ্টা করেছে যুদ্ধে আমরা কী চেয়েছিলাম। ঠিক তেমনি ২৪-এর এই গণঅভ্যুত্থানে যারা অংশ নিয়েছে তারা নয়, বরং যারা যুক্ত ছিল না তারাই আজ এই আন্দোলনের আকাঙ্ক্ষা নিয়ে কথা বলছে—এটা আমাদের মনে রাখতে হবে।”

জুলাই যোদ্ধাদের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নজরুল ইসলাম খান শহীদ পরিবারের সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং আন্তরিকভাবে তাদের স্বাগত জানান।

তিনি বলেন, “যারা এই লড়াইয়ে আহত হয়েছেন, তারা শহীদও হতে পারতেন। আল্লাহ তাদের বাঁচিয়ে রেখেছেন। তারাও আমাদের শ্রদ্ধেয় মানুষ, আমাদের প্রিয় মানুষ।”

এ সময় তিনি আহত যোদ্ধাদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যদেরও স্বাগত জানান, যারা তাদের সন্তানদের এই লড়াইয়ে অংশ নিতে অনুপ্রাণিত করেছিলেন।

নজরুল ইসলাম খান জানান, বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান শিগগিরই অনুষ্ঠানে উপস্থিত হয়ে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সম্মান জানাবেন এবং গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন।

বক্তব্যের শেষাংশে তিনি আগামী দিনের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, অর্থনৈতিক মুক্তি এবং মর্যাদাসম্পন্ন একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেন।