স্টাফ রিপোর্টার | নিউজ চ্যানেল বিডি
এনসিপি নেতা নাহিদ ইসলাম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে এবং সেই চেতনায় নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়েই তারা নির্বাচনে অংশ নিয়েছেন। তিনি বলেন, জনগণের রক্ত ও আন্দোলনের ফসল হিসেবে এখন ভোটাধিকার নিশ্চিত করার সুযোগ এসেছে।
কুতুবদিয়ায় এক নির্বাচনী সমাবেশে তিনি বলেন, একটি দল ভুলে গেছে কোন প্রক্রিয়ার মাধ্যমে তারা নির্বাচনে অংশ নিচ্ছে। জুলাই আন্দোলনের কারণেই নির্বাচন সম্ভব হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, মহেশখালী ও কুতুবদিয়ার লবণ চাষীরা ন্যায্যমূল্য পাচ্ছেন না। দেশে পর্যাপ্ত উৎপাদনের সম্ভাবনা থাকা সত্ত্বেও লবণ আমদানির সমালোচনা করে তিনি বলেন, লবণ আমদানি নয়, রপ্তানিমুখী নীতি গ্রহণ করা উচিত। এতে স্থানীয় অর্থনীতি শক্তিশালী হবে এবং চাষীরা লাভবান হবেন।
তিনি দাবি করেন, হামিদুর রহমান আজাদের নেতৃত্বে কক্সবাজার-২ আসনে পরিবর্তন সম্ভব। ১১ দলীয় ঐক্যজোট ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশ নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, তাদের লক্ষ্য দেশকে দুর্নীতি, সন্ত্রাস ও স্বৈরতান্ত্রিক প্রবণতা থেকে মুক্ত করা।
নাহিদ ইসলাম আরও বলেন, সরকার গঠন করবে দেশের জনগণ। বাইরের কোনো প্রভাব বা ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।
সমাবেশে তিনি অভিযোগ করেন, ৫ আগস্টের পর নতুন করে চাঁদাবাজি ও জমি দখলের ঘটনা ঘটছে। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে ভোটের মাধ্যমে জবাব দেওয়ার আহ্বান জানান তিনি।
আগামী ১২ ফেব্রুয়ারি কক্সবাজার-২ আসনে দাড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভোটাধিকার রক্ষায় সবাইকে সতর্ক থাকতে হবে।





