জুলাই গণঅভ্যুত্থান দেশের ইতিহাসে এক অসাধারণ অর্জন: প্রধান উপদেষ্টা ডঃ ইউনুস

গণভোটের মাধ্যমে নতুন বাংলাদেশ গঠনের আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা, অংশগ্রহণ নিশ্চিত করতে নাগরিকদের অনুরোধ

স্টাফ রিপোর্টার, ১৯ জানুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি

প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। জুলাই গণঅভ্যুত্থান জাতির ইতিহাসে এক অসাধারণ অর্জন। এটি অপ্রত্যাশিতভাবে জাতির জীবনে গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সুযোগ এনে দিয়েছে।

এই লক্ষ্যে আমরা এর মধ্যে বেশ কিছু সংস্কার করেছি। আরো গভীর ও সুদূর প্রসারী সংস্কারের জন্য দেশের সকল রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে জুলাই সনদ প্রণয়ন করেছে।

এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য আপনাদের সম্মতি প্রয়োজন। এর জন্য গণভোটের আয়োজন করা হয়েছে। এই গণভোটে অংশ নিন এবং সনদে আপনার সম্মতি দিন। আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিনেই অনুষ্ঠিত হবে গণভোট।

গণভোটে আপনি হ্যাঁ ভোট দিলে বৈষম্য, শোষণ আর নিপীড়ন থেকে মুক্ত হবে বাংলাদেশ। গণভোটে হ্যাঁ ভোট মানে তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন গঠনে সরকার ও বিরোধী দল একসঙ্গে কাজ করবে। সরকার ইচ্ছামত সংবিধান পরিবর্তন করতে পারবে না; গুরুত্বপূর্ণ পরিবর্তনের জন্য জনগণের সম্মতি নিতে হবে।

এতে আরো বলা আছে, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদের গুরুত্বপূর্ণ কমিটির সভাপতিরা নির্বাচিত হবেন। একজন ব্যক্তি সর্বোচ্চ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে। সংসদে নারীদের প্রতিনিধিত্ব বাড়বে। ক্ষমতার ভারসম্য রক্ষায় পার্লামেন্টে একটি উচ্চ কক্ষ গঠিত হবে।

আপনার মৌলিক অধিকার আরো সুরক্ষিত হবে। রাষ্ট্রভাষা বাংলার পাশাপাশি অন্যান্য জাতিগোষ্ঠীর ভাষাও সাংবিধানিকভাবে স্বীকৃতি পাবে। দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছেমত ক্ষমা করতে পারবেন না। সব ক্ষমতা একজন প্রধানমন্ত্রীর হাতে থাকবে না। এবং এরকম আরো কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব এর মধ্যে রয়েছে।

আমি আপনাদের সকলের প্রতি আহ্বান জানাই আগামী নির্বাচনে গণভোটে অংশ নিন। রাষ্ট্রকে আপনার প্রত্যাশা মত গড়ে তোলার জন্য হ্যাঁ ভোট দিন। নতুন বাংলাদেশ গড়ার চাবি এখন আপনার হাতে। হ্যাঁ ভোট দিলে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে যাবে।

আপনি নিজে হ্যাঁ ভোট দিন এবং আপনার পরিচিত সবাইকে ভোট দিতে উদ্বুদ্ধ করুন। তাদেরকে ভোট কেন্দ্রে নিয়ে আসুন। দেশ পাল্টে দিন। ইনশআল্লাহ আমরা সবাই মিলে দেশ গড়ার এই সুযোগ নেব। মহান আল্লাহ আমাদের সহায় হন। ধন্যবাদ।

বক্তব্যটি দিয়েছেন প্রধান উপদেষ্টা ডঃ ইউনুস।