জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দিতে খসড়া অধ্যাদেশ প্রস্তুত: আসিফ নজরুল

জুলাইকে নিরাপদ রাখতে আইন মন্ত্রণালয়ের উদ্যোগ; উপদেষ্টামণ্ডলীর বৈঠকে অনুমোদনের প্রস্তাব আসছে

স্টাফ রিপোর্টার | ৮ জানুয়ারি ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

অন্তর্বর্তীকালীন সরকারের আইন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, জুলাইকে নিরাপদ রাখতে আইন মন্ত্রণালয় জুলাই যোদ্ধাদের দায়মুক্তি অধ্যাদেশের একটি খসড়া প্রস্তুত করেছে।

বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।

‘জুলাই যোদ্ধাদের দায়মুক্তি’ শীর্ষক পোস্টে তিনি লেখেন, জুলাই যোদ্ধারা জীবন বাজি রেখে দেশকে ফ্যাসিস্ট শাসন থেকে মুক্ত করেছে। তাদের এই অবদানের জন্য দায়মুক্তি পাওয়ার ন্যায্য অধিকার রয়েছে। জুলাই গণঅভ্যুত্থানকালে ফ্যাসিস্ট শেখ হাসিনার খুনিদের বিরুদ্ধে তারা যে প্রতিরোধমূলক কার্যক্রম পরিচালনা করেছে, সে জন্য আইন করে দায়মুক্তি দেওয়া প্রয়োজন।

তিনি আরও উল্লেখ করেন, এ ধরনের আইন প্রণয়ন সম্পূর্ণ বৈধ। আরব বসন্তসহ বিভিন্ন দেশে গণঅভ্যুত্থান বা বিপ্লবের মাধ্যমে জনধিক্কৃত সরকারের পতনের পর একই ধরনের দায়মুক্তি আইন প্রণয়নের নজির রয়েছে।

ড. আসিফ নজরুল বলেন, বাংলাদেশের সংবিধানের ৪৬ অনুচ্ছেদে দায়মুক্তির আইন প্রণয়নের বৈধতা রয়েছে। পাশাপাশি ১৯৭৩ সালে মহান মুক্তিযুদ্ধের পর মুক্তিযোদ্ধাদের জন্য দায়মুক্তি আইন প্রণয়নের নজিরও রয়েছে।

তিনি জানান, এসব নজির ও আইনের আলোকে আইন মন্ত্রণালয় দায়মুক্তি অধ্যাদেশের একটি খসড়া তৈরি করেছে। ইনশাল্লাহ আগামী উপদেষ্টামণ্ডলীর বৈঠকে এটি অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।

পোস্টে তিনি আরও বলেন, জুলাইকে নিরাপদ রাখা আমাদের পবিত্র দায়িত্ব।