ঢাকা, ৯ অক্টোবর ২০২৫:
জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ জানিয়েছেন, বিশেষজ্ঞ এবং রাজনৈতিক দল ও জোটগুলোর মতামত সমন্বয় করে কমিশন আগামী দু-এক দিনের মধ্যেই সরকারকে পরামর্শ দেবে।
বুধবার রাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে অনুষ্ঠিত কমিশনের আলোচনার তৃতীয় পর্যায়ের পঞ্চম দিনের বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি বলেন,
“আগামী ১৫ অক্টোবর কমিশনের মেয়াদ শেষ হচ্ছে। এর আগেই ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এর স্বাক্ষর অনুষ্ঠান আয়োজন করতে পারব বলে আশা করছি।”
তিনি জানান, বেশিরভাগ রাজনৈতিক দল ইতোমধ্যেই সনদ স্বাক্ষরে প্রস্তুত। পাশাপাশি কমিশন একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করবে, যেখানে থাকবে সনদ প্রণয়নের পুরো প্রক্রিয়া ও রাজনৈতিক দলগুলোর জমাকৃত দলিল। প্রতিবেদনটি প্রকাশের সম্ভাব্য সময় ১৮-১৯ অক্টোবর।
ড. রীয়াজ বলেন,
“৫ অক্টোবরের বৈঠকে কমিশন সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেয়—‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নে গণভোটের ব্যবস্থা করা হবে। আজকের আলোচনায় আমরা মূলত সেই গণভোট কীভাবে ও কবে হবে তা নির্ধারণ নিয়ে কাজ করেছি।”
বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী একটি আদেশ জারি করে গণভোট আয়োজনের সিদ্ধান্ত নেয়া হতে পারে, যাতে বৃহত্তম ঐকমত্যের বিষয়গুলো ও নোট অব ডিসেন্ট—দুটি অংশ থাকবে। পরে সংবিধান সংস্কার পরিষদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে সনদের বাস্তবায়ন এগিয়ে যাবে।
তিনি জানান, কেউ কেউ জাতীয় নির্বাচনের দিনেই গণভোটের পক্ষে, আবার কিছু দল নির্বাচনের আগেই গণভোট আয়োজনের প্রস্তাব দিয়েছে।
কমিশনের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্ব ও দিকনির্দেশনার প্রশংসা করে ড. রীয়াজ বলেন,
“এই দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে সনদটি এখন স্বাক্ষরের জন্য প্রস্তুত। কমিশনের প্রধান সর্বদা অগ্রগতি সম্পর্কে খোঁজ নিয়েছেন এবং প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন।”
তিনি আরও বলেন,
“আমাদের সবচেয়ে বড় অর্জন হলো জাতীয় ঐক্যের মাধ্যমে ফ্যাসিবাদের পতন। এই ঐক্য বজায় রাখার কোনো বিকল্প নেই। প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু ঐক্য অক্ষুণ্ন রেখেই তা করতে হবে।”
বৈঠকে বিএনপি, জাতীয় নাগরিক পার্টি, এবি পার্টিসহ প্রায় ৩০টি রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধি অংশ নেন। সভাপতিত্ব করেন অধ্যাপক ড. আলী রীয়াজ।
এছাড়াও উপস্থিত ছিলেন ড. বদিউল আলম মজুমদার, বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।





