স্টাফ রিপোর্টার | ২৩ এপ্রিল ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে ডিজেল চালিত বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এই সিদ্ধান্তের কথা জানান সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।
মন্ত্রী জানান, বর্ধিত এই ভাড়া আজ থেকেই কার্যকর হবে। তবে ভবিষ্যতে তেলের দাম কমলে একই প্রক্রিয়ায় ভাড়াও কমানো হবে।
তিনি আরও বলেন, সর্বনিম্ন ভাড়া যথাক্রমে ৮ টাকা ও ১০ টাকা বহাল থাকবে। নতুন এই ভাড়া শুধুমাত্র ডিজেল চালিত পরিবহনের ক্ষেত্রে প্রযোজ্য হবে, সিএনজি চালিত যানবাহনের ভাড়ায় কোনো পরিবর্তন আনা হয়নি।
সিটি কর্পোরেশন এলাকায় বর্তমান ভাড়া ২ টাকা ৪২ পয়সা প্রতি কিলোমিটার থেকে বেড়ে ২ টাকা ৫৩ পয়সা হয়েছে, যা প্রায় ৪.৪৫ শতাংশ বৃদ্ধি।
অন্যদিকে আন্তঃজেলা পরিবহনে ভাড়া ২ টাকা ১২ পয়সা থেকে বেড়ে ২ টাকা ২৩ পয়সা হয়েছে প্রতি কিলোমিটার, যা প্রায় ৪.৭৪ শতাংশ বৃদ্ধি।
নির্ধারিত ভাড়ার বেশি আদায় করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন মন্ত্রী।





