জ্বালানি তেল মজুত ঠেকাতে ডিপোগুলোতে বিজিবি মোতায়েন

সরবরাহ স্বাভাবিক রাখতে বাড়ানো হয়েছে নজরদারি ও টহল


স্টাফ রিপোর্টার | ২৮ মার্চ ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

জ্বালানি তেল মজুত প্রতিরোধ, বিপণনে শৃঙ্খলা রক্ষা এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে দেশের বিভিন্ন জেলায় ডিপোগুলোতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

বিজিবি সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মধ্যপ্রাচ্যে চলমান সংকটের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় দেশে অননুমোদিতভাবে তেল মজুতের প্রবণতা দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়-এর নির্দেশে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৫ মার্চ থেকে দেশের ৯টি জেলার ১৯টি ডিপোতে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন। এর মধ্যে রয়েছে ঢাকা, কুড়িগ্রাম, রংপুর, রাজশাহী, সিলেট, মৌলভীবাজার, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া এবং সুনামগঞ্জ।

ডিপোর নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সদর দপ্তরের তত্ত্বাবধানে সুপরিকল্পিত কাঠামোর আওতায় মোতায়েন কার্যক্রম পরিচালিত হচ্ছে। দূরবর্তী এলাকায় দায়িত্ব পালনের সুবিধার্থে অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করা হয়েছে, যেখান থেকে কর্মকর্তার নেতৃত্বে সদস্যরা নিয়মিত তদারকি করছেন।

বিজিবি সদস্যরা গোয়েন্দা নজরদারি জোরদার, অবৈধ মজুত ও বিক্রয় প্রতিরোধ এবং নাশকতা মোকাবিলায় তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছেন। পাশাপাশি ডিপো কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় রেখে দ্রুত তথ্য আদান-প্রদান নিশ্চিত করা হচ্ছে।

এছাড়া সীমান্ত এলাকায় জ্বালানি তেল পাচার রোধে অতিরিক্ত টহল, নৌ টহল জোরদার, চেকপোস্ট স্থাপন এবং তল্লাশি কার্যক্রম বাড়ানো হয়েছে। সীমান্তবর্তী আইসিপি ও এলসিপিগুলোতে নজরদারি বৃদ্ধি এবং আমদানি-রপ্তানিতে ব্যবহৃত যানবাহনে নিয়মিত তল্লাশিও জোরদার করা হয়েছে।

বিজিবি’র দৃশ্যমান উপস্থিতি জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখা এবং জনমনে আস্থা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।