ডা. জুবাইদা রহমান খালেদা জিয়াকে আখ্যায়িত করলেন ‘গণতন্ত্রের অগ্রযাত্রার অদম্য প্রতীক’

আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উদযাপনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি বেগম জিয়ার জীবন থেকে নারীর দৃঢ়তা ও নেতৃত্বের শিক্ষা প্রসঙ্গ তুলেন

স্টাফ রিপোর্টার, ০৮ মার্চ ২০২৬, নিউজ চ্যানেল বিডি

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আজ আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উদযাপন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্তমান প্রধানমন্ত্রীর সহধর্মিণী, বিশিষ্ট চিকিৎসক ও সমাজকর্মী ডা. জুবাইদা রহমান। তিনি প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ‘গণতন্ত্রের অগ্রযাত্রার অদম্য প্রতীক’ হিসেবে আখ্যায়িত করেন।

ডা. জুবাইদা রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান স্মরণ করে বলেন, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা প্রশংসনীয়। তিনি আরও বলেন, মানুষের সবচেয়ে বড় শক্তি মনোবল। শত অত্যাচার ও অবিচারের মধ্যেও খালেদা জিয়া ছিলেন আপোসহীন, ধৈর্যশীল ও অবিচল।

তিনি উল্লেখ করেন, খালেদা জিয়ার জীবন থেকে নারীর দৃঢ়তা, নেতৃত্বের সাহস এবং ন্যায়ের পক্ষে সোচ্চার কণ্ঠস্বর সম্পর্কে গুরুত্বপূর্ণ শিক্ষা নেওয়া যায়। দেশের নিপীড়িত ও নিষ্পেষিত মানুষের জন্য তাঁর হৃদয় সবসময় কেঁদেছে এবং স্বৈরশাসন ও শোষণের বিরুদ্ধে তাঁর বজ্রকণ্ঠ সোচ্চার ছিল।

ডা. জুবাইদা রহমান বলেন, ‘তিনি একজন মা, যোদ্ধা এবং ন্যায়ের পক্ষে দৃঢ় কণ্ঠস্বর; গণতন্ত্রপ্রেমী মানুষের জন্য পথপ্রদর্শক’। এছাড়া তিনি জাতিসংঘের উক্তি স্মরণ করিয়ে বলেন, ‘নারী যখন এগিয়ে যায়, তখন একটি জাতিও এগিয়ে যায়’।

তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, বাংলাদেশ এমন একটি দেশ হবে যেখানে প্রতিটি নারী ও কন্যাশিশু নিরাপদ, মর্যাদাবান এবং সম্ভাবনাময় ভবিষ্যতের অধিকারী হবেন। তিনি আন্তর্জাতিক নারী দিবসকে সমতা, মর্যাদা ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার নতুন অঙ্গীকারের দিন হিসেবে পালন করার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। আরও বক্তব্য দেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফারজানা শারমিন, বাংলাদেশে ইউএনডিপি-এর আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক জিনাত আরা। ডা. জুবাইদা রহমান মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়কে অনুষ্ঠান সুন্দরভাবে আয়োজনের জন্য ধন্যবাদ জানান।