ডা. শফিকুর রহমান: ‘পদ্মা ব্যারাজ চাই, তবে তিস্তার বিনিময়ে নয়’

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জামায়াত আমিরের

স্টাফ রিপোর্টার | ১৫ মে ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, পদ্মা ব্যারাজের উদ্যোগকে স্বাগত জানানো হলেও তিস্তার স্বার্থ বিসর্জন দিয়ে তা করা যাবে না। তিনি বলেন, “পদ্মা ব্যারাজের উদ্যোগকে অভিনন্দন জানাই, কিন্তু তিস্তার বিনিময় নয়। তিস্তার জায়গায় তিস্তাকে অবশ্যই তার পাওনা দিতে হবে। অবশ্যই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে।”

শুক্রবার সন্ধ্যায় রংপুর শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে এক সুধী সমাবেশে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, স্বাধীনতার ৫৫ বছর পরও উত্তরাঞ্চলের মানুষ তাদের ন্যূনতম অধিকার ও প্রাপ্য থেকে বঞ্চিত। তিনি দাবি করেন, অর্থনৈতিক ও জনমিতিক দিক থেকে দেশের সবচেয়ে পিছিয়ে থাকা অঞ্চল হচ্ছে উত্তরবঙ্গ।

তিনি বলেন, “রাজধানী থেকে যে জেলা যত দূরে, সে তত বেশি সুবিধাবঞ্চিত ও অধিকারবঞ্চিত। বিশেষ করে তিস্তা বেষ্টিত এই অঞ্চল।”

উত্তরাঞ্চলের নদীভাঙন, পানি সংকট ও কৃষি দুর্ভোগের কথা তুলে ধরে জামায়াত আমির বলেন, একসময় আশীর্বাদ হিসেবে বিবেচিত নদীগুলো এখন মানুষের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিন ধরে নদীতে পলি ও বালু জমে পানি ধারণক্ষমতা কমে যাওয়ায় বর্ষায় ভয়াবহ ভাঙন দেখা দেয় এবং শুকনো মৌসুমে কৃষকরা সেচের জন্য পর্যাপ্ত পানি পান না।

তিনি আরও বলেন, নিরাপদ পানির সংকট ভবিষ্যতে জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে। “পানির আরেক নাম জীবন। এই জীবন শুধু মানুষের নয়, সমস্ত জীবকূলের জন্য,” বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, তিস্তাপাড় ও তিন নদীপাড়ের মানুষের দুর্ভোগ লাঘবেই তারা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানিয়ে আসছেন।