ডিএনডি বাঁধ এলাকায় জলাবদ্ধতা নিরসনে নতুন পরিকল্পনা, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভা

দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা সমাধানে ড্রেনেজ উন্নয়ন ও প্রকল্প হস্তান্তর নিয়ে আলোচনা

স্টাফ রিপোর্টার | ৩ জুন ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) বাঁধ এলাকার জলাবদ্ধতা সমস্যা নিয়ে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দফতরে অনুষ্ঠিত এ সভার বিষয়ে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌল্লা (সুজন মাহমুদ) সাংবাদিকদের অবহিত করেন।

তিনি জানান, বৈঠকে ডিএনডি বাঁধ এলাকার দীর্ঘমেয়াদি জলাবদ্ধতা সমস্যা এবং তা থেকে উত্তরণের কার্যকর উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

সভা শেষে পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ডিএনডি বাঁধ এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা এখনও অনেকাংশে রয়ে গেছে। এ সমস্যা সমাধানে ২০১৬ সালে একটি প্রকল্প গ্রহণ করা হয়েছিল, যা ২০২৪ সালে শেষ হলেও এর সুফল সাধারণ মানুষ এখনো প্রত্যাশিত মাত্রায় পায়নি।

তিনি আরও জানান, পানিসম্পদ মন্ত্রণালয়ের বাস্তবায়িত প্রকল্পটি আগামী দুই সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তর করা হবে।

মন্ত্রী বলেন, এলাকার ড্রেনেজ ব্যবস্থার আরও উন্নয়নের লক্ষ্যে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে। প্রায় ৩০ কিলোমিটার নতুন ড্রেনেজ অবকাঠামো উন্নয়নের বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আনা হয়েছে। সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে এবং সংশ্লিষ্ট সকলের সমন্বিত প্রচেষ্টায় এবার কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সভায় পানিসম্পদ মন্ত্রী ছাড়াও প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম এবং রাজউক চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম উপস্থিত ছিলেন।