ঢাকা, ১৫ সেপ্টেম্বর ২০২৫: রাজধানীতে ডিজে পার্টি ও অভিজাত এলাকায় সরবরাহকারী মাদক চক্রের মূলহোতাসহ কয়েকজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এসময় রেকর্ড পরিমাণ এমডিএমএ (এক্সটাসি/মলি/হ্যাপি), কুশ ও অন্যান্য মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
ডিএনসি জানায়, মহাপরিচালক মোঃ হাসান মারুফের নির্দেশনায় পরিচালিত বিশেষ অভিযানে উত্তরা সার্কেলের এনফোর্সমেন্ট টিম মোহাম্মদপুর, সেগুনবাগিচা ও পল্টন এলাকায় অভিযান চালিয়ে এই চক্রকে ধরতে সক্ষম হয়।

উদ্ধারকৃত মাদকদ্রব্য:
এমডিএমএ ট্যাবলেট : ৩১৭ পিস (এ যাবতকালের সর্বোচ্চ উদ্ধার)
কুশ : ১ কেজি ৬৭৬ গ্রাম
গাঁজা : ২৫০ গ্রাম
কেটামিন : ৫ বোতল (৫০ মিলি)
এছাড়া ৬টি মোবাইল ফোন, ১টি ল্যাপটপ ও নগদ ৭,১১,০০০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা তথ্যপ্রযুক্তি ব্যবহার করে বিদেশ থেকে ডাকযোগে মাদক আমদানি করে রাজধানীর ডিজে পার্টি ও অভিজাত মহলে সরবরাহ করত। তারা WhatsApp ও Telegram-এর মতো এনক্রিপ্টেড অ্যাপ ব্যবহার করে ব্যবসা পরিচালনা করছিল।
ডিএনসি জানিয়েছে, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে আরও কয়েকজনের সম্পৃক্ততার তথ্য মিলেছে। তদন্ত শেষে তাদেরও আইনের আওতায় আনা হবে।






