ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তফসিল: সিইসি

বরিশাল, ১৮ অক্টোবর, ২০২৫ | নিউজ চ্যানেলবিডি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম. নাসির উদ্দিন জানিয়েছেন, ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয়…

Posted by:

on

বরিশাল, ১৮ অক্টোবর, ২০২৫ | নিউজ চ্যানেলবিডি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম. নাসির উদ্দিন জানিয়েছেন, ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

শনিবার বিকেলে বরিশাল সার্কিট হাউস মিলনায়তনে বিভাগীয় প্রশাসন ও আঞ্চলিক নির্বাচন অফিসের আয়োজনে অনুষ্ঠিত আসন্ন সংসদ নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

সিইসি বলেন, “আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে যদি নির্বাচন করতে হয়, তাহলে ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করতে হবে। আমরা সেই লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছি।”

তিনি আরও বলেন, রমজানের আগে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনের কর্মপরিকল্পনাও সে অনুযায়ী সাজানো হয়েছে।

সুষ্ঠু নির্বাচনের অঙ্গীকারের কথা উল্লেখ করে সিইসি বলেন, “সবার কাছে আমাদের মূল বার্তা হলো—আইন অনুযায়ী জাতিকে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দিতে হবে। ইসি ও স্থানীয় প্রশাসন সে লক্ষ্যেই কাজ করছে। আগের দুই-তিনটি নির্বাচনের মতো এবার তেমন কোনো নির্বাচন হবে না।”

চ্যালেঞ্জ প্রসঙ্গে তিনি বলেন, “চ্যালেঞ্জ আসবেই, আমরা হাসিমুখে তা মোকাবিলা করবো। সুষ্ঠু নির্বাচনের পথে যত বাধাই আসুক, আমরা দৃঢ়ভাবে এগিয়ে যাব।”

সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে নাসির উদ্দিন বলেন, “আগামী নির্বাচনে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। যাচাই-বাছাই ছাড়া কোনো গুজব ছড়ালে বড় ধরনের ঘটনার সৃষ্টি হতে পারে।”

তিনি জানান, “নির্বাচন কমিশন ইতোমধ্যে আইন করেছে এবং অপতথ্য রোধে কমিশন কার্যালয়ে একটি বিশেষ সেল গঠন করা হয়েছে।”

এ সময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)-এর শাপলা প্রতীক প্রসঙ্গে তিনি বলেন, “আইন অনুযায়ী কেবল তালিকাভুক্ত প্রতীকই দলগুলো পেতে পারে। এনসিপি যে প্রতীক চেয়েছে, তা আমাদের অনুমোদিত তালিকায় নেই—তাই সেটি দেয়া সম্ভব নয়।”

প্রবাসী ভোটারদের বিষয়ে সিইসি বলেন, “যারা বিদেশে আছেন, তাদের ভোট দেয়ার ব্যবস্থা করা হচ্ছে। তাদের নিবন্ধন হবে ডিজিটাল অনলাইনে, তবে ভোট হবে ম্যানুয়াল পদ্ধতিতে। প্রবাসীরা ভোট দিতে আগ্রহী—তাই আমরা এ উদ্যোগ নিয়েছি।”

তিনি আরও বলেন, “পিআর (Proportional Representation) নিয়ে বর্তমানে রাজনৈতিক বিতর্ক রয়েছে, তবে নির্বাচন কমিশন কোনো রাজনৈতিক বিতর্কে যেতে চায় না। আমরা কেবল আইন অনুযায়ী কাজ করছি।”

মতবিনিময় সভায় বরিশালের বিভাগীয় কমিশনার, ছয় জেলার জেলা প্রশাসকসহ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।