স্টাফ রিপোর্টার | ২২ জানুয়ারি ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
ঢাকা–১১ আসনে ১০ দলীয় জোটের প্রার্থীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে প্রতীক হস্তান্তর করা হয়েছে। জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের হাতে সমন্বিত প্রতীক হিসেবে ‘শাপলাকলি’ তুলে দেন।
ডা. শফিকুর রহমান বলেন, দাড়িপাল্লা প্রতীকের মাথায় যুক্ত একটি কলিকে শাপলাকলি হিসেবে বিবেচনা করা হবে। ঢাকা–১১ আসনের ভোটারদের জন্য ইনসাফের প্রতীকের সঙ্গে শাপলাকলি ব্যবহার করা হবে। অন্য প্রার্থীদের হাতে দাড়িপাল্লা প্রতীক তুলে দেওয়া হবে বলেও তিনি জানান।
তিনি বলেন, এই প্রতীক পরিবর্তনের আকাঙ্ক্ষা থেকে এসেছে। রাজনীতির কাঠামো পরিবর্তনের যে দাবি জনগণের মুখে মুখে, তারই প্রতিফলন এই শাপলাকলি। গণভোটে হ্যাঁ ভোটের মাধ্যমেই এই পরিবর্তনের পথে এগিয়ে যেতে হবে।
ডা. শফিকুর রহমান আরও বলেন, ১০ দলীয় জোটের ঐক্য মানে হলো আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান। এই ঐক্য চাঁদাবাজি, দখলদারিত্ব, ডাকাতি এবং নারীদের ইজ্জতের ওপর হামলার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে। শিশু থেকে শুরু করে মা-বোন, যুবক, কৃষকসহ সকল শ্রেণি-পেশার মানুষের অধিকার প্রতিষ্ঠাই এই জোটের অঙ্গীকার।
অনুষ্ঠানে নাহিদ ইসলাম বলেন, ঢাকা–১১ আসনে ইনসাফ ও ন্যায়ের রাজনীতি প্রতিষ্ঠার জন্য তিনি এই প্রতীক নিয়ে মাঠে নেমেছেন। ১০ দলীয় জোটের অন্যান্য প্রার্থীদের হাতেও প্রতীক তুলে দেওয়ার প্রস্তুতি রয়েছে বলে জানানো হয়।
বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।





