স্টাফ রিপোর্টার | ১৩ ফেব্রুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি
ঢাকা–১১ সংসদীয় আসনের নির্বাচনী ফলাফল নিয়ে গুরুতর অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলেছেন প্রার্থী এম এ কাইয়ুম। তিনি দাবি করেছেন, ভোট গণনার সময় ফলাফল ‘ইঞ্জিনিয়ারিং’ করা হয়েছে এবং পোস্টাল ভোটের মাধ্যমে ফলাফল পরিবর্তন করা হয়েছে। এ পরিস্থিতিতে তিনি অবিলম্বে ভোট পুনর্গনার দাবি জানিয়েছেন।
এম এ কাইয়ুম বলেন, তার এজেন্টদের অনেক কেন্দ্রে দায়িত্ব পালন করতে দেওয়া হয়নি। কিছু কেন্দ্রে হঠাৎ করে অস্বাভাবিকভাবে ভোট বেড়ে যায়, যা নিয়ে তার সন্দেহ সৃষ্টি হয়। তিনি অভিযোগ করেন, প্রথমদিকে যে ফলাফল আসছিল তাতে তিনি এগিয়ে ছিলেন, কিন্তু পরে ফলাফল সরবরাহ বন্ধ হয়ে যায় এবং পরবর্তীতে বিপক্ষ প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়।
তার ভাষ্য অনুযায়ী, পোস্টাল ভোটের মাধ্যমে ফলাফল প্রভাবিত করা হয়েছে। তিনি বলেন, গতকালই নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দিয়ে ভোট পুনর্গনার আবেদন করা হয়েছে। প্রয়োজনে আইনি প্রক্রিয়ায় যাওয়ার কথাও জানান তিনি।
বর্তমান নির্বাচন নিয়ে হতাশা প্রকাশ করে তিনি বলেন, দীর্ঘ সময় পর জনগণ ভোটাধিকার ফিরে পেলেও কিছু ক্ষেত্রে পুরনো অনিয়মের পুনরাবৃত্তি দেখা যাচ্ছে। তার দাবি, এ ধরনের বিতর্কিত ফলাফল সরকারের গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করতে পারে।
তবে একই সঙ্গে তিনি বলেন, দল রাষ্ট্রক্ষমতায় যাওয়ায় জনগণের সেবা কার্যক্রম অব্যাহত থাকবে। ষড়যন্ত্র করে আসন নেওয়া গেলেও জনগণের সমর্থন ঠেকানো যায় না উল্লেখ করে তিনি আইনি ও রাজনৈতিকভাবে লড়াই চালিয়ে যাওয়ার কথা জানান।
এ বিষয়ে নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি।





