ঢাকা–৮ আসনকে ‘আজাদ অঞ্চল’ ঘোষণার আহ্বান নাসিরউদ্দিন পাটোয়ারীর

হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে—ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নতুন যাত্রা

Posted by:

on

স্টাফ রিপোর্টার | ৫ জানুয়ারি ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

রাজধানীর ঢাকা–৮ আসনের রাস্তায় দিনে দুপুরে আজাদকে গুলি করে হত্যা করা হলেও ঘটনার প্রায় ২০ দিন পেরিয়ে গেলেও প্রকৃত হত্যাকারীদের শনাক্ত করতে পারেনি বর্তমান সরকার—এমন অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির নেতা নাসিরউদ্দিন পাটোয়ারী।

সকালে রাজধানীতে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে জনগণের সামনে মূল প্রশ্ন হলো—গোলামির পক্ষে যাবে, নাকি আজাদির পক্ষে। সেই কারণেই তারা আজাদির জোটকে বেছে নিয়েছেন বলে জানান তিনি।

নাসিরউদ্দিন পাটোয়ারী বলেন, ১১ দলীয় আজাদির জোট ইনশাআল্লাহ বাংলাদেশকে প্রকৃত অর্থে মুক্ত করার সংগ্রাম চালিয়ে যাবে। তিনি বলেন, “আমাদের সামনে দুটি পথ ছিল—গোলামির প্রতীক নেওয়া অথবা আজাদির প্রতীক নেওয়া। আমরা আজাদির প্রতীক শাপলাকলিকে বেছে নিয়েছি।”

তিনি আরও বলেন, তার সহযোদ্ধা শহীদ ওসমান হাদীর বিচার সম্পন্ন হওয়া পর্যন্ত এবং তিনি যে আজাদির লড়াই শুরু করেছিলেন তা সমাপ্ত করা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। আজ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সেই আন্দোলনের নতুন সূচনা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক মুক্তির কথা তুলে ধরে নাসিরউদ্দিন পাটোয়ারী বলেন, দেশকে স্বাধীন রাখতে হলে মানুষের অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে হবে, রাজনৈতিক স্বাধীনতা বজায় রাখতে হবে এবং সাংস্কৃতিক আগ্রাসন থেকে দেশকে রক্ষা করতে হবে।

তিনি ঢাকা–৮ আসনের রমনা, শাহবাগ, মতিঝিল ও শাহজাহানপুর এলাকাসহ পুরো দেশকে ‘আজাদ অঞ্চল’ ঘোষণার আহ্বান জানান। এসব এলাকায় কেউ চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড বা দখলদারিত্বে জড়ালে জনগণকে তাদের ধরে প্রশাসনের হাতে তুলে দেওয়ার আহ্বান জানান তিনি।

একই সঙ্গে তিনি বলেন, প্রশাসন যদি চাঁদাবাজ, সন্ত্রাসী বা আধিপত্যবাদীদের পক্ষে অবস্থান নেয়, তবে জনগণকে তাদের বিরুদ্ধেও রুখে দাঁড়াতে হবে। কারণ ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হলে চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে দাঁড়ানো জরুরি।

রাজু ভাস্কর্যের সামনে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, রাজু ভাস্কর্য সন্ত্রাসবিরোধী প্রতীক। এখানে যাদের হত্যা করা হয়েছে, তাদের অনেক হত্যাকাণ্ডের বিচার এখনো হয়নি। সাম্য হত্যাকাণ্ড, হাদি হত্যাকাণ্ডসহ সব হত্যার বিচারের দাবিতে তারা মাঠে নেমেছেন।

প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলে নাসিরউদ্দিন পাটোয়ারী বলেন, তারা লক্ষ্য করছেন প্রশাসনের একটি অংশ একটি রাজনৈতিক দলের দিকে হেলে পড়ছে। অতীতে শেখ হাসিনার আমলেও এমন দৃশ্য দেখা গেছে, কিন্তু নতুন বাংলাদেশে তারা এমন আচরণ দেখতে চান না।

শেষে ঢাকা–৮ আসনের ভোটারদের উদ্দেশে তিনি বলেন, কোনো গোলামির প্রতীক, মাফিয়া তন্ত্র, সন্ত্রাসী কিংবা চাঁদাবাজদের সঙ্গে না গিয়ে আজাদির প্রতীক শাপলাকলির পক্ষে থাকার আহ্বান জানান। ইনশাআল্লাহ আগামীর সংসদে তারা আজাদির পক্ষে প্রতিনিধিত্ব করবেন বলেও আশা প্রকাশ করেন।