স্টাফ রিপোর্টার, ১২ ডিসেম্বর ২০২৫, নিউজ চ্যানেল বিডি।
মঞ্চের মুখপাত্র ও আসন্ন জাতীয় নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদী গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগরের কালভার্ট এলাকায় অস্ত্রধারীরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দুপুর ২টা ৩৫ মিনিটে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
ঢামেক জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক (আরএস) ডা. মোশতাক আহমেদ জানান, শরিফ ওসমান হাদীর অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। তাঁর মাথায় গুলি লেগেছে এবং তিনি বর্তমানে কোমায় (গভীর অচেতন অবস্থায়) রয়েছেন। দ্রুত সার্জারি ও নিবিড় চিকিৎসার প্রস্তুতি চলছে।
এদিকে হামলার খবর ছড়িয়ে পড়লে জুলাই অভ্যুত্থানের আন্দোলনকারীরা ঢামেক হাসপাতালে এসে জড়ো হন। হাসপাতালের সামনে তারা হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছেন।
ঘটনার পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থল ঘিরে তথ্য সংগ্রহ শুরু করেছে। হামলার ধরন ও উদ্দেশ্য এখনও স্পষ্ট নয়, তবে এই রাজনৈতিক সংবেদনশীল ঘটনার পর তদন্ত জোরদার করা হয়েছে।





