ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা ঘোষণা করলেন ভিন্ন ধারার রাজনীতি

শিক্ষা, তরুণ উদ্যোক্তা ও কর্মজীবী মায়েদের কল্যাণে কার্যক্রম ও পরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার

স্টাফ রিপোর্টার,৩১ জানুয়ারি ২০২৬,নিউজ চ্যানেল বিডি

প্রত্যেকটি স্কুলে লাইব্রেরি গড়ে তোলা হবে যাতে শিশু-কিশোরদের মানসিক স্বাস্থ্য ও মানসিক বিকাশ সঠিকভাবে নিশ্চিত করা যায়। শুধুমাত্র বইয়ের পড়া নয়, মানসিক স্বাস্থ্য, সহশিক্ষামূলক কার্যক্রম এবং কৃত্রিম বুদ্ধিমত্তা শেখার ওপরও গুরুত্ব দেওয়া হবে, যাতে তরুণরা বিশ্ববাজারে প্রতিযোগিতার উপযুক্ত হয়ে গড়ে উঠতে পারে।

শিক্ষকদের বেতন ও মর্যাদা বৃদ্ধির জন্য সংসদে লড়াই করা হবে। একই সঙ্গে স্কুলে বুলিং বা হয়রানি বন্ধে কঠোর নজরদারি এবং অভিভাবক-শিক্ষক ফোরাম সক্রিয় রাখার উদ্যোগ নেওয়া হবে।

তরুণ উদ্যোক্তা ও কর্মজীবী মায়েদের জন্য বিশেষ উদ্যোগ

তাসনিম জারা বলেন, দেশের তরুণরা মেধাবী হলেও পুঁজির অভাবে উদ্যোক্তা হিসেবে এগোতে পারছে না। বড় শিল্পপতিদের ঋণ মওকুফ করা হলেও ছোট উদ্যোক্তারা ব্যাংক থেকে সহজ শর্তে ঋণ পান না। নির্বাচিত হলে বিশেষ বরাদ্দ থেকে তরুণ উদ্যোক্তাদের জন্য সিড ফান্ড এবং জামানতবিহীন সহজ ঋণের ব্যবস্থা করবেন।

কর্মজীবী মায়েদের জন্য প্রতিটি ওয়ার্ডে সরকারি খরচে বা ভর্তুকি দিয়ে কমিউনিটি ডে কেয়ার সেন্টার চালু করা হবে যাতে মায়েরা নিশ্চিন্তে কাজে যেতে পারেন। এছাড়া অনানুষ্ঠানিক খাতের শ্রমিকদের ন্যায্য মজুরি ও আইনি সুরক্ষা নিশ্চিত করা হবে।

নির্বাচনী সংস্কৃতিতে পরিবর্তনের বার্তা

তিনি বলেন, ভোটের পরে এমপি নিখোঁজ হয়ে যাওয়ার সংস্কৃতি বন্ধ করতে চান। কোটি কোটি টাকা ব্যয়, অতিরিক্ত পোস্টার, লাউডস্পিকার এবং ভাড়া করা শোডাউনের রাজনীতি থেকে বেরিয়ে ব্যক্তিগত সম্পর্ক ও বিশ্বাসের ভিত্তিতে রাজনীতি করতে চান।

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ঢাকা-৯ আসনে ফুটবল মার্কায় ভোট দিয়ে নতুন ধারার রাজনীতিকে এগিয়ে নেওয়ার সুযোগ দিতে হবে। রাজনীতি ভিন্নভাবে করা যায় এবং অর্থপেশী শক্তির বাইরে গিয়েও জয় সম্ভব—ঢাকা-৯ থেকেই তা প্রমাণ করতে চান স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা।