স্টাফ রিপোর্টার | ৮ জুলাই ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
ঢাকা: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল। বুধবার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে জোরিস ভ্যান বোমেল নতুন দায়িত্ব গ্রহণের জন্য তথ্যমন্ত্রীকে অভিনন্দন জানান। তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই দুই দেশের মধ্যে শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে। বর্তমানে শিক্ষা, স্বাস্থ্য, উন্নয়ন এবং ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে এ সম্পর্ক আরও সম্প্রসারিত হয়েছে। ভবিষ্যতে বর্তমান সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে এই সহযোগিতা আরও জোরদার করতে আগ্রহী বলেও জানান তিনি।
জবাবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে বিভিন্ন খাতে গুণগত পরিবর্তন আনার লক্ষ্যে কাজ করছে। বিশেষ করে গণমাধ্যম ও যোগাযোগ খাতে নেদারল্যান্ডসের সঙ্গে যৌথভাবে কাজ করার বিষয়ে সরকারের আগ্রহ রয়েছে।
তথ্যমন্ত্রী বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তিনির্ভর বিশ্বে নিউ মিডিয়া, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং ডিজিটাল ইকো-সিস্টেম নতুন ধরনের চ্যালেঞ্জ তৈরি করেছে। মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি জনগণকে ভুল তথ্য ও অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব।
তিনি এ চ্যালেঞ্জ মোকাবিলায় একটি কার্যকর ও সুনির্দিষ্ট কৌশল প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন এবং এ বিষয়ে নেদারল্যান্ডসের অভিজ্ঞতা সম্পর্কে জানার আগ্রহ প্রকাশ করেন।
ডাচ রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল ডিজিটাল চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন নীতিগত কাঠামো (ফ্রেমওয়ার্ক) প্রণয়নের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তিনি এ ক্ষেত্রে নেদারল্যান্ডস সরকারের গৃহীত বিভিন্ন কার্যকর উদ্যোগ ও অভিজ্ঞতা সম্পর্কে তথ্যমন্ত্রীকে অবহিত করেন।
সাক্ষাৎকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা এবং অতিরিক্ত সচিব মো. শাহ আলম উপস্থিত ছিলেন।





