স্টাফ রিপোর্টার, ২১ ডিসেম্বর ২০২৫, নিউজ চ্যানেল বিডি।
0 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলে আংশিক সংশোধন এনেছে। শনিবার (২০ ডিসেম্বর) রাতে জারি করা সংশোধিত প্রজ্ঞাপনে মূলত মনোনয়নপত্র বাছাই–সংক্রান্ত আপিলের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।
সংশোধিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দাখিলের সময়সীমা কমানো হয়েছে। আগে যেখানে আপিল করা যেত ৫ থেকে ১১ জানুয়ারি পর্যন্ত, এখন তা নির্ধারণ করা হয়েছে ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত। ফলে আপিল দাখিলের সময় দুই দিন কমেছে।
অন্যদিকে, আপিল নিষ্পত্তির সময়সীমা বাড়ানো হয়েছে। পূর্বে নির্ধারিত ১২ থেকে ১৮ জানুয়ারির পরিবর্তে এখন ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত আপিল নিষ্পত্তি করা হবে। এতে নির্বাচন কমিশনের হাতে আপিল নিষ্পত্তির জন্য অতিরিক্ত সময় থাকবে।
তফসিল আংশিক সংশোধন করা হলেও নির্বাচনের অন্যান্য গুরুত্বপূর্ণ সময়সূচি অপরিবর্তিত রাখা হয়েছে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই চলবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি।
সংশোধিত তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি সারাদেশে একযোগে জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশন জানিয়েছে, নির্বাচনী প্রক্রিয়া আরও সুষ্ঠু, স্বচ্ছ ও কার্যকর করার লক্ষ্যেই এই আংশিক সংশোধন আনা হয়েছে।





