স্টাফ রিপোর্টার |১৭ ই জানুয়ারি ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
আজকের প্রজন্মকে ধ্বংস করার উদ্দেশ্যে একটি গোষ্ঠী সারা বাংলাদেশে মিথ্যা ইতিহাস শেখাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র নেতা মির্জা আব্বাস। তিনি বলেন, এরা বেয়াদবি ছড়াচ্ছে এবং নিজেরাই বাংলাদেশের প্রকৃত ইতিহাস জানে না।
এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মির্জা আব্বাস বলেন, “আপনি জোর করে কোনো পক্ষে ভোটের দাবিদার হতে পারেন না। মানুষ যেটা বিশ্বাস করে, সেটার পক্ষেই ভোট দেবে। এটাই আমাদের স্বাধীনতার মূল শিক্ষা।”
তিনি বলেন, বাংলাদেশের মানুষ মাওলানা ভাসানী, শেরে বাংলা এ কে ফজলুল হক এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করে, কারণ তাঁরা ছিলেন জাতির পথপ্রদর্শক। অথচ আজ একটি গোষ্ঠী তরুণ সমাজকে বিভ্রান্ত করার কাজে নেমেছে এবং মিথ্যার মাধ্যমে ইতিহাস বিকৃত করছে।
দেশপ্রেম প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, “অন্য দেশের বিরোধিতা করলেই দেশপ্রেমিক হওয়া যায় না। আগে নিজের দেশকে ভালোবাসতে হবে। নিজের দেশের স্বার্থে কথা বলতে গিয়ে যদি অন্য দেশের স্বার্থে আঘাত লাগে, তাতে আমাদের কিছু আসে যায় না—এই কথাই আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন।”
তিনি আরও বলেন, “আমি যেটা বিশ্বাস করি সেটাই প্রকাশ্যে বলি। গোপনে কোনো কথা বলি না। সত্য বলা কঠিন হতে পারে, কিন্তু আমি সেই সত্য কথাটাই বলেছি।”
অনুষ্ঠানে উপস্থিত তরুণ মাল্টিমিডিয়া কর্মীদের ধন্যবাদ জানিয়ে মির্জা আব্বাস বলেন, “আপনারা আপনাদের কাজের মাধ্যমে সত্য তুলে ধরবেন। যদি আমার জন্য কিছু করতে চান, দরকার হলে সরাসরি কথা বলবেন। আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করতে পারি।”
বক্তব্যের শেষাংশে তিনি আসন্ন নির্বাচন প্রসঙ্গে বলেন, “আমি নির্বাচনে আপনাদের সহযোগিতা কামনা করছি। আপনারা আমাকে স্মরণ করলে আমি অত্যন্ত খুশি হব।”




