স্টাফ রিপোর্টার | নিউজ চ্যানেল বিডি
তারেক রহমানকে আগামী প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করে তাকে অনুসরণ করার আহ্বান জানিয়েছেন হুমাম কাদের চৌধুরী। তিনি বলেন, তিনি নিজে নির্বাচনে পাস করবেন কি না তা নিশ্চিত নন, তবে তারেক রহমান দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন বলে দাবি করেন।
এক বক্তব্যে হুমাম কাদের চৌধুরী বলেন, “আমি পাস করব কি না জানি না, কিন্তু তারেক রহমান সাহেব সামনের প্রধানমন্ত্রী। তাকে ফলো করা শুরু করেন।”
তিনি আরও বলেন, ইমাম ও মুয়াজ্জেমদের জন্য সরকারের পক্ষ থেকে মাসিক সম্মানী দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে, যা ইতোমধ্যে প্রশংসা পাচ্ছে। তার ভাষায়, ধর্মীয় দায়িত্ব পালন করলেও এতদিন তারা কেবল আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়েছেন, আর্থিক সম্মানী পাননি। বিষয়টিকে তিনি দুঃখজনক বলে মন্তব্য করেন।
হুমাম কাদের বলেন, আগামী সরকার এ উদ্যোগ বাস্তবায়ন করবে বলে তিনি আশা করছেন। পাশাপাশি তিনি জানান, সম্মানীর পরিমাণ বাড়ানোর প্রয়োজন হলে সংসদে সে বিষয়ে লড়াই করবেন।
তিনি বলেন, অতীতের সরকারগুলোর সঙ্গে সাধারণ মানুষের সংযোগ ছিল না। একটি পরিবার চালাতে মাসিক কত ব্যয় হয় এবং সাধারণ মানুষের কী ধরনের সংকট থাকে, সে অভিজ্ঞতা তাদের ছিল না বলে মন্তব্য করেন তিনি। নিজের জীবনের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, একটি পরিবারের মৌলিক চাহিদা পূরণ করতে না পারলে কী ধরনের কষ্টের মধ্য দিয়ে যেতে হয়, তা তিনি জানেন।
সমাবেশে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তিনি ঐক্যবদ্ধ। থাকার আহ্বান জানান এবং ভবিষ্যৎ কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান।





