স্টাফ রিপোর্টার, ১১ ফেব্রুয়ারি ২০২৬, নিউ চ্যানেল বিডি
ঢাকা-১৭ নির্বাচনী এলাকার চারজন প্রার্থী বিএনপির প্রার্থী তারেক রহমানকে সমর্থন জানিয়ে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। এর মধ্যে দুজন সশরীরে এবং দুজন টেলিফোনে তাদের সিদ্ধান্ত জানান।
এ বিষয়ে বক্তব্য দিতে গিয়ে বিএনএফ চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য এএসএম আবুল কালাম আজাদ বলেন, জাতীয়তাবাদী শক্তির ভোট যাতে বিভক্ত না হয়, সে বিবেচনা থেকেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনের কথা উল্লেখ করে তিনি বলেন, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দেশপ্রেমিক ও গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ রাখা জরুরি।
তিনি আরও বলেন, “আমার প্রার্থিতা থাকলে জাতীয়তাবাদী ভোট বিভক্ত হওয়ার আশঙ্কা ছিল। দেশের স্বার্থে এবং বৃহত্তর রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় আমি তারেক রহমানকে সমর্থন দিচ্ছি।”
একজন মুক্তিযোদ্ধা হিসেবে তিনি স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি বলেন, বিভাজন নয়, বাংলাদেশপন্থী রাজনীতির পক্ষে দাঁড়াতে হবে।
ঢাকা-১৭ আসনের ভোটারদের উদ্দেশে এএসএম আবুল কালাম আজাদ আহ্বান জানান, তারা যেন ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জাতীয়তাবাদী শক্তিকে বিজয়ী করেন।





