লন্ডন, ৭ অক্টোবর ২০২৫:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকারের উচিত একটি সফল, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের দিকে মনোযোগ দেওয়া। তিনি আশা প্রকাশ করেছেন, সরকার প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে একটি স্বাধীন ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করবে।
বি বি সি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের কার্যক্রমের ওপরই ভবিষ্যতে রাজনৈতিক সম্পর্কের উষ্ণতা নির্ভর করবে।
একসময় অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে জনমনে যে সন্দেহ তৈরি হয়েছিল, সে প্রসঙ্গে তারেক রহমান বলেন,
“তখন নির্বাচন নিয়ে কোনো সঠিক রোডম্যাপ বা সময়সীমা ঘোষণা না হওয়ায় এই সন্দেহ তৈরি হয়েছিল। তবে প্রধান উপদেষ্টা যখন রোডম্যাপ ঘোষণা করেন এবং তার সিদ্ধান্তে দৃঢ় অবস্থান দেখান, তখন সেই সন্দেহ ধীরে ধীরে দূর হচ্ছে।”
লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে তার বৈঠকে আগামী ১ জানুয়ারি নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। বৈঠকে প্রধান উপদেষ্টা বিএনপি ক্ষমতায় এলে জনগণের জন্য কী ধরনের পদক্ষেপ নেবে, সে বিষয়ে তারেক রহমানের কাছ থেকে জানতে চান। এসময় তিনি দেশের উন্নয়ন ও জনকল্যাণমূলক পরিকল্পনা তুলে ধরেন।
অন্তর্বর্তীকালীন সরকারকে ‘ক্ষণস্থায়ী প্রশাসন’ হিসেবে উল্লেখ করে তারেক রহমান বলেন,
“দেশ পরিচালনা একটি বিশাল দায়িত্ব, বিশেষ করে বাংলাদেশের বিপুল জনসংখ্যার প্রেক্ষাপটে। অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য হওয়া উচিত একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন করা।”





