তারেক রহমানের চট্টগ্রাম আগমন ঘিরে ঐতিহাসিক সমাবেশের প্রত্যাশা, জয়ের সম্ভাবনা অনেক বেড়েছে: হুমাম কাদের চৌধুরী

তারেক রহমান চট্টগ্রামের মাটিতে পা রাখায় নির্বাচনী টেনশন কাটবে, সব আসনে বিএনপির শক্ত অবস্থান তৈরি হবে বলে মন্তব্য

স্টাফ রিপোর্টার | ২৫ জানুয়ারি ২০২৬ নিউজ চ্যানেল বিডি

চট্টগ্রামে বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের আগমনকে ঘিরে এক ঐতিহাসিক সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা হুমাম কাদের চৌধুরী। তিনি বলেন, এত বিপুল সংখ্যক মানুষের একসঙ্গে সমাবেশ এর আগে কখনো দেখা যায়নি এবং এই কর্মসূচি রাজনৈতিকভাবে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হতে যাচ্ছে।

হুমাম কাদের চৌধুরী বলেন, তারেক রহমান চট্টগ্রামে আসার পর নির্বাচনী পরিস্থিতিতে বড় ধরনের পরিবর্তন দেখা যাবে। যারা এতদিন নির্বাচন নিয়ে উদ্বিগ্ন ছিলেন, তারা আগামীকাল থেকেই অনেকটাই টেনশনমুক্ত হয়ে যাবেন ইনশাল্লাহ।

তিনি আরও বলেন, চট্টগ্রামের প্রতিটি আসনে বিএনপির জয়ের সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। “জয় নিশ্চিত করা একমাত্র রাব্বুল আলামিন ছাড়া কেউ করতে পারে না, তবে এটুকু বলতে পারি আমাদের উইনিং পারসেন্টেজ অনেকখানি বেড়ে যাবে। এর প্রধান কারণ হলো তারেক রহমান সাহেবের চট্টগ্রামের মাটিতে আগমন,” বলেন তিনি।

তার মতে, বাঙালি জাতি আবেগপ্রবণ এবং চট্টগ্রামের মানুষের মধ্যে তারেক রহমানের প্রতি গভীর ভালোবাসা রয়েছে। এই ভালোবাসার বহিঃপ্রকাশ আগামীকালের সমাবেশেই স্পষ্ট হয়ে উঠবে। তিনি জানান, আজ অনেক এলাকায় নিয়মিত নির্বাচনী প্রচারণা বন্ধ রয়েছে, কারণ বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা সমাবেশে যোগ দিতে চট্টগ্রাম শহরের দিকে রওনা হয়েছেন।

সমাবেশ উপলক্ষে সাধারণ মানুষের প্রতি সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “চট্টগ্রাম শহরের বাসিন্দাদের অনুরোধ করবো, আগামীকাল ঘর থেকে বের হলে একটু সতর্ক থাকবেন। ব্যাপক মানুষের সমাগম হবে এবং যানজটের সম্ভাবনা রয়েছে।”

হুমাম কাদের চৌধুরী বলেন, এই সমাবেশ শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, বরং এটি চট্টগ্রামের রাজনৈতিক বাস্তবতাকে নতুনভাবে প্রভাবিত করবে।