তারেক রহমানের পূর্ণ নিরাপত্তা নিশ্চিতের আহ্বান কাউন্সিল সদস্য অ্যাভিগেলি বয়েটের

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস পার্লামেন্টে বাংলাদেশের নির্বাচনী পরিস্থিতি নিয়ে উদ্বেগ

Posted by:

on

স্টাফ রিপোর্টার, ১৫ নভেম্বর ২০২৫, নিউজ চ্যানেল বিডি

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের লেজিসলেটিভ কাউন্সিল বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন নির্বাচনকে ঘিরে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। কাউন্সিলের সদস্য অ্যাভিগেলি বয়েট সংসদ অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সকল প্রার্থীর পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।

বক্তব্যে তিনি বলেন, “বাংলাদেশে একটি জনগণের কাছে জবাবদিহিমূলক গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য নির্বাচনী পরিবেশ নিরাপদ হওয়া জরুরি। বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চলাফেরার স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করা উচিত।”

তিনি আরো জানান, নিউ সাউথ ওয়েলস পার্লামেন্টের পক্ষ থেকে অস্ট্রেলিয়া সরকারের কাছে অনুরোধ জানানো হবে যাতে তারা আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে ড. ইউনূসকে চিঠি পাঠায়।

সম্প্রতি চট্টগ্রামে বিএনপি প্রার্থীর ওপর হামলার ঘটনায়ও উদ্বেগ জানান অ্যাভিগেলি বয়েট। তিনি বলেন, “সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের পথে কোনো ধরনের বাধা বা হামলা গ্রহণযোগ্য নয়।”

কাউন্সিল সদস্য বয়েট বাংলাদেশের নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা এবং কেউ যেন নির্বাচনী প্রক্রিয়া বানচাল করতে না পারে—সেদিকে সতর্ক থাকার জন্য অস্ট্রেলিয়া সরকারের প্রতি আহ্বান জানান।