স্টাফ রিপোর্টার, ১৪ ডিসেম্বর ২০২৫, নিউজ চ্যানেল বিডি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তনের মাধ্যমে সকল অপশক্তি পরাস্ত হবে বলে মন্তব্য করেছেন ঢাকা-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
রোববার (১৪ ডিসেম্বর) রাজধানীর গেন্ডারিয়ার জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্রে গেন্ডারিয়া থানা জাসাসের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
জনগণের প্রতি আহ্বান জানিয়ে ইশরাক হোসেন বলেন, নির্বাচন কমিশন নির্বাচনের তারিখ ঘোষণা করেছে। কাকে ভোট দেবেন তা জনগণের সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে বিএনপির পরিকল্পনা ও কর্মসূচি জনগণের বিবেচনায় নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়েই জনগণের ঐক্যবদ্ধ শক্তিতে বাংলাদেশ রক্ষা করা সম্ভব হবে ইনশাআল্লাহ।
তিনি বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে চায়, যেখানে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই ভয় ও সন্ত্রাসমুক্ত পরিবেশে নাগরিক অধিকার নিয়ে বসবাস করতে পারবে। অভিযোগ করে তিনি বলেন, গত ১৭ বছর ধরে বিএনপি রাষ্ট্রীয় নিপীড়ন ও সন্ত্রাসের শিকার হলেও আন্দোলন থেকে কখনো পিছপা হয়নি।
সারাদেশের সকল প্রার্থী ও রাজনৈতিক শক্তিকে উদ্দেশ্য করে ইশরাক হোসেন বলেন, এই লড়াই কেবল একটি নির্বাচনের জন্য নয়; এটি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও আগামী ৫০ বছরের ভবিষ্যৎ নির্ধারণের সংগ্রাম। আমাদের লক্ষ্য একটি গণতান্ত্রিক ও নিরাপদ বাংলাদেশ গড়া।
সাম্প্রতিক সহিংসতার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই বিএনপি ও ফ্যাসিবাদবিরোধী প্রার্থীদের লক্ষ্য করে সহিংসতা শুরু হয়েছে। তিনি ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণ এবং চট্টগ্রাম-৮ আসনে বিএনপি প্রার্থী এরশাদুল্লাহর ওপর হামলার ঘটনাকে পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ বলে উল্লেখ করেন।
ইশরাক হোসেন দাবি করেন, এসব হামলার সঙ্গে আওয়ামী লীগের সন্ত্রাসীরা জড়িত এবং ফাঁস হওয়া অডিও বার্তায় হত্যার নির্দেশ ও প্রার্থী টার্গেট করার তথ্য প্রকাশ পেয়েছে। তিনি এসব ঘটনায় সরকারের গোয়েন্দা ব্যর্থতা ও সদিচ্ছার অভাবের কথাও তুলে ধরেন।
বর্তমান সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, অবিলম্বে সব ধরনের হুমকি চিহ্নিত করে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। ভবিষ্যতে আরও হামলার আশঙ্কার কথাও তিনি উল্লেখ করেন।
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতার প্রসঙ্গ টেনে ইশরাক হোসেন বলেন, দেশের এই সংকটময় সময়ে তাঁর মতো একজন অভিভাবকের নেতৃত্ব অত্যন্ত প্রয়োজন। তিনি মহান আল্লাহর কাছে তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন।
এছাড়া বিজয়ের মাস ডিসেম্বর ও ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন।
গেন্ডারিয়া থানা জাসাসের আহ্বায়ক আনোয়ার হোসেন বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জাসাস কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান, সদস্য সচিব জাকির হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মকবুল হোসেন টিপু, সদস্য হাজী মো. আকতার হোসেন, গেন্ডারিয়া থানা বিএনপির আহ্বায়ক আবদুল কাদির, যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদ অপু ঢালী, রফিকুল ইসলাম সোহেলসহ অন্যান্য নেতৃবৃন্দ।





