তারেক রহমানের বাড়ি ও গাড়ি নিয়ে প্রশ্ন: যেসব তথ্য সামনে এলো

গুলশান-১৯৬ নম্বর বাড়ির মালিক বেগম খালেদা জিয়া, ব্যবহৃত গাড়িটি বিএনপির দলীয় সম্পদ—অপপ্রচারের বিপরীতে তথ্যভিত্তিক ব্যাখ্যা

স্টাফ রিপোর্টার | ৬ জানুয়ারি ২০২৬ | নিউজ চ্যানেল বিডি


বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের গুলশানের বাড়ি ও ব্যবহৃত গাড়ি নিয়ে বিরোধী মহল থেকে বিভিন্ন প্রশ্ন ও বক্তব্য তুলে ধরা হচ্ছে। এমন প্রেক্ষাপটে সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে নতুন করে কিছু তথ্য সামনে এসেছে, যা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, গুলশানের ১৯৬ নম্বর বাড়িটি ১৯৮১ সালে তৎকালীন সরকার বেগম খালেদা জিয়ার নামে বরাদ্দ দেয়। পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বাড়িটি বেগম খালেদা জিয়ার নামেই রেজিস্ট্রি করা হয়।

এ হিসেবে বাড়িটির প্রকৃত ও বৈধ মালিক বেগম খালেদা জিয়া। সেই সূত্রে মায়ের নিজস্ব বাড়িতে তারেক রহমান বসবাস করছেন। ফলে এটি তারেক রহমানের ব্যক্তিগত মালিকানাধীন কোনো বাড়ি নয় এবং এ ক্ষেত্রে ভাড়া প্রদানের কোনো প্রশ্নও ওঠে না।

অন্যদিকে, তারেক রহমানের চলাচলের জন্য ব্যবহৃত সাদা রঙের গাড়িটি বিএনপি দলীয়ভাবে বিদেশ থেকে ক্রয় করেছে বলে জানা গেছে। গাড়িটির কাগজপত্র সম্পূর্ণভাবে বিএনপির দলীয় নামেই করা রয়েছে।

গাড়িটির রক্ষণাবেক্ষণ, জ্বালানি ও অন্যান্য ব্যয় দলীয় তহবিল থেকেই বহন করা হয়। অর্থাৎ এই গাড়িটিও তারেক রহমানের ব্যক্তিগত সম্পত্তি নয়; বরং এটি বিএনপির দলীয় প্রয়োজনে কেনা একটি যান, যা দলের চেয়ারম্যান হিসেবে তিনি ব্যবহার করছেন।

দলীয় নেতাদের মতে, এসব বিষয় জেনেও উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তি ছড়াতে প্রশ্ন তোলা হচ্ছে। বাস্তব ও নথিভিত্তিক তথ্য সামনে আসার পর সংশ্লিষ্ট অপপ্রচার বন্ধ হবে—এমনটাই প্রত্যাশা তাদের।