স্টাফ রিপোর্টার, ১৭ নভেম্বর ২০২৫, নিউজ চ্যানেল বিডি।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সভাপতিত্বে দলের জাতীয় স্থায়ী কমিটির সভায় আলোচনার পর এক গুরুত্বপূর্ণ প্রস্তাব গৃহীত হয়েছে।
প্রস্তাবে বলা হয়, দীর্ঘ ষোলো বছরের ফ্যাসীবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের ধারাবাহিকতায় ২০২৪ সালের ছাত্র-গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। এই দীর্ঘ রক্তাক্ত সংগ্রামে বিরোধী দলীয় নেতা-কর্মীসহ সমাজের সর্বস্তরের মানুষ গুম, খুন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, মামলা-হামলা, নির্যাতন-নিপীড়নসহ অমানবিক দুর্ভোগের শিকার হয়েছেন। অবশেষে ছাত্র-জনতা-শ্রমিক-নারী-শিশুর আত্মদান, অন্ধত্ব, চিরপঙ্গুত্ব এবং সহস্রাধিক প্রাণহানির মধ্য দিয়ে ‘ইতিহাসের জঘন্যতম ফ্যাসিস্ট’ শেখ হাসিনা ও আওয়ামী বাকশালী শাসনামলের পতন ঘটে।
প্রস্তাবে আরও উল্লেখ করা হয়, দেশ-বিদেশের জনমত ছিল পতিত স্বৈরাচার ও তার সহযোগীদের মানবতাবিরোধী অপরাধ, নৃশংসতা এবং গণহত্যার বিচার নিশ্চিত করা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে শেখ হাসিনা ও তার দুই সহযোগীর বিরুদ্ধে রায় ঘোষণা করেছে। রায়ে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকে সর্বোচ্চ সাজা দেওয়া হয়েছে। বিচারিক প্রক্রিয়ায় সহযোগিতার কারণে পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের শাস্তি কমিয়ে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বিএনপি জানায়, আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় তারা দৃঢ়প্রতিজ্ঞ এবং জনগণকে সবসময় সচেতন থাকার আহ্বান জানায়। একই সাথে বিভিন্ন মামলায় অন্যান্য অভিযুক্তদের সুবিচারের দাবি জানানো হয়।
বিএনপি আরও মনে করে, দীর্ঘ ১৬ বছরের গুম-খুন ও বিচারবহির্ভূত হত্যার শিকার ব্যক্তিবর্গ এবং ২০২৪ সালের ছাত্র-গণঅভ্যুত্থানে রাষ্ট্রীয় সন্ত্রাসে নিহত সহস্রাধিক শহীদের আত্মা শান্তি পাবে, আর তাদের পরিবার-পরিজনের ক্ষোভ কিছুটা হলেও প্রশমিত হবে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মহাসচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।





