তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা

২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান; পুলিশ, ডিবি ও সোয়াট টিম মোতায়েন

Posted by:

on

ঢাকা, ২৩ ডিসেম্বর, ২০২৫: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে বিএনপির পক্ষ থেকেও আলাদা নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনকে ঘিরে রাজধানীতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে।

তিনি বলেন, “তারেক রহমানের দেশে নিরাপদ আগমন নিশ্চিত করার জন্য ইতোমধ্যেই প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। আইন প্রয়োগকারী সংস্থাকে সম্পূর্ণ সতর্ক ও সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।”

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, সরকার জননিরাপত্তা বজায় রাখতে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।

তারেক রহমানের নিরাপত্তা বিষয়ে বাসসকে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. বাহারুল আলম বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। তাঁর নিরাপত্তায় সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ মোতায়েন থাকবে।”

তিনি আরও জানান, বিএনপির পক্ষ থেকেও তারেক রহমানের জন্য ব্যক্তিগত নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম বলেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে পর্যাপ্ত সংখ্যক গোয়েন্দা পুলিশ মাঠে থাকবে।

পুলিশ সূত্রে জানা গেছে, দেশে ফেরার পর তারেক রহমানের যাতায়াতের সময় থাকবে বিশেষ পুলিশি পাহারা। পাশাপাশি তাঁর বাসভবন ও অফিসেও নেওয়া হবে কড়া নিরাপত্তা ব্যবস্থা। ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকের গোয়েন্দারাও সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন।

আরও জানা গেছে, বিমানবন্দর থেকে গুলশানে তারেক রহমানের বাসভবনে যাওয়ার পথে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন থাকবে। নিরাপত্তায় মাঠে থাকবে ঢাকা মহানগর পুলিশের সোয়াট টিম

ডিএমপি সূত্র জানিয়েছে, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের দিন ঢাকা মহানগরজুড়ে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে সংবর্ধনা জানাতে রাজধানীতে বড় ধরনের জনসমাগম হতে পারে। এ বিষয়ে শৃঙ্খলা বজায় রাখতে বিএনপির পক্ষ থেকে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে দলের প্রধান নিরাপত্তা কর্মকর্তা হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম-কে দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁর নেতৃত্বে চেয়ারপারসন সিকিউরিটি ফোর্সসহ একাধিক টিম কাজ করবে।

প্রায় দেড় যুগ পর আগামী ২৫ ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে তার এই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে।