তারেক রহমানের ৩১ দফার মধ্যে ভবিষ্যৎ রাজনীতির গুণগত পরিবর্তনের রোডম্যাপ: আমিনুল হক

আমিনুল হক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভবিষ্যৎ রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করেছেন দলের কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।

তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মপরিকল্পনাতে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির গুণগত পরিবর্তনের রোডম্যাপ সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। এর মাধ্যমে একটি স্বচ্ছ, পরিচ্ছন্ন ও গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ গড়ে তোলা সম্ভব হবে, যেখানে ভবিষ্যতে কোনো ফ্যাসিবাদ বা স্বৈরাচার মাথাচাড়া দিতে পারবে না।

সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর রূপনগর ট ব্লক ইসলামিয়া স্কুল মাঠে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি মিনি পোস্ট ফুটবল টুর্নামেন্ট–২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আমিনুল হক আরও বলেন,

“খেলাধুলা হচ্ছে সামাজিক ও রাজনৈতিক পরিবর্তনের অন্যতম কার্যকর মাধ্যম। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে বিএনপি খেলাধুলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ নিয়েছে, যার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে মাদকমুক্ত, সুস্থ ও শৃঙ্খলাবদ্ধ করে তোলা হবে।”

তিনি ঘোষণা দেন, আগামী ২৭ সেপ্টেম্বর জিয়া উদ্যানের লেকে দেশের বরেণ্য সাঁতারুদের অংশগ্রহণে একটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এবং ২৯ সেপ্টেম্বর উদ্বোধন করা হবে জিয়া স্মৃতি ভলিবল টুর্নামেন্ট।

অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্যে ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ বলেন, যুব সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই। এজন্য খেলাধুলাকে যুবসমাজের জীবনের অবিচ্ছেদ্য অংশ করে তুলতে হবে। তিনি আরও উল্লেখ করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান “নতুন বাংলাদেশ” গড়ার স্বপ্ন দেখছেন, আর সেই স্বপ্ন বাস্তবায়নে দলীয় নেতাকর্মীরা সর্বশক্তি নিয়োজিত করেছেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মাহাবুব আলম মন্টু প্রমুখ।

এর আগে সকালে পল্লবীর লালমাটিয়া উচ্চ বিদ্যালয়ে স্কুল অভিভাবক প্রতিনিধি ও শিক্ষকদের নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়।