তারেক রহমান আগের প্রধানমন্ত্রীদের মতো নন, তিনি জনগণের প্রধানমন্ত্রী: পানিসম্পদমন্ত্রী এ্যানি

লক্ষ্মীপুরে সনাতনী সম্প্রদায়ের মতবিনিময় সভায় বক্তব্য; ফ্যামিলি কার্ড প্রকল্প দেশের সব মানুষের জন্য

স্টাফ রিপোর্টার | ১১ মার্চ ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, তারেক রহমান আগের প্রধানমন্ত্রীদের মতো নন, তিনি একটু ভিন্ন। তিনি জনগণের প্রধানমন্ত্রী এবং একজন দেশপ্রেমিক প্রধানমন্ত্রী। এর আগে এ ধরনের প্রধানমন্ত্রী দেশে আসেননি।

মঙ্গলবার লক্ষ্মীপুরে সনাতনী সম্প্রদায়ের আয়োজনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিদিন সকাল ৯টায় অফিসে এসে দায়িত্ব পালন করছেন। মাত্র এক মাস হয়নি তিনি প্রধানমন্ত্রীর শপথ নিয়েছেন। এর মধ্যেই জনগণের মধ্যে আস্থা তৈরি হয়েছে যে, তারেক রহমানের পক্ষে দেশ পরিচালনা করা সম্ভব।

তিনি বলেন, তারেক রহমান তার বক্তব্যে বলেছেন— তিনি বিএনপির প্রধানমন্ত্রী নন বা কোনো নির্দিষ্ট গোষ্ঠীর প্রধানমন্ত্রী নন; তিনি পুরো বাংলাদেশের প্রধানমন্ত্রী।

ফ্যামিলি কার্ড প্রকল্পের বিষয়ে পানিসম্পদ মন্ত্রী বলেন, এটি কোনো নির্দিষ্ট গোষ্ঠীর জন্য নয়, দেশের সব মানুষের জন্য। পরিবারের গৃহিণীর নামে এই কার্ড দেওয়া হবে। ইতোমধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান এই প্রকল্পের পাইলট কার্যক্রম শুরু করেছেন এবং আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন।

হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে তিনি বলেন, নিজেদের ছোট মনে করার কোনো সুযোগ নেই। বিএনপির রাজনীতি সব ধর্মের প্রতি সম্মান প্রদর্শন করে এবং সবাইকে নিয়েই বাংলাদেশ জাতীয়তাবাদের রাজনীতি পরিচালিত হয়।

তিনি আরও বলেন, যারা মুখে ইনসাফ ও ন্যায়ের কথা বলে, তারা বাস্তবে ইনসাফের রাজনীতি করেনি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশে ইনসাফের রাজনীতি হয়েছিল। আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে ইনসাফ ও ন্যায় প্রতিষ্ঠার মাধ্যমে দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

লক্ষ্মীপুর হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শঙ্কর মজুমদারের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শিমুল সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাবিবুর রহমানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এর আগে পৌর যুবদলের আয়োজনে লক্ষ্মীপুর পাবলিক লাইব্রেরি ও টাউন হলে অনুষ্ঠিত ইফতার মাহফিলেও যোগ দেন মন্ত্রী।